হাইমচর উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবসেতুর ওপর দিয়ে হাঁটার ঘটনার প্রায় দুই মাস পর চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটোয়ারী গতকাল বুধবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
গত ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতুর’ ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরদিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে অভিযুক্ত করে হাইমচর থানায় মামলা করেন। এরপর থেকে নূর হোসেন পাটোয়ারী পলাতক ছিলেন। চাঁদপুর আদালত পুলিশের ওসি হুমায়ন কবির বলেন, আদালত পুলিশের প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত মো. নূর হোসেন পাটোয়ারীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।