হাইমচর নাসিরনগর ও পটিয়ায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া, চাঁদপুরের হাইমচর ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পটিয়ায় তিন, হাইমচরে দুই ও নাসিরনগরে একজন নিহত হন। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পটিয়া: স্থানীয় এলাকাবাসী ও আহত যাত্রীরা জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে যাত্রীবাহী একটি টেম্পো পটিয়াগিরি চৌধুরীবাজার এলাকা দিয়ে যাওয়ার সময় অন্ধকারে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই টেম্পোর তিন আরোহী নিহত হন। তাঁদের মধ্যে দুজন হলেন পটিয়ার সবজরপাড়া গ্রামের আবুজাফর (৫৫) ও মোজাফরাবাদ গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ (২৭)। প্রায় ৩৫ বছর বয়সী অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।এ ঘটনায় আহত হয়েছেন নাছির (৩৬), মোহাম্মদ লিটন (৩০), রাখাল শীল (৩৫), দ্বীপায়ন (৪৫), রুবি আকতার (৩৫) ও রন (৫০) নামের ছয়জন। তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।হাইমচর: হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলগী দক্ষিণ এলাকা দিয়ে মোটরসাইকেলে চড়ে আখতার হুসেন আখন (২৮) ও মো. ফেরদৌস (২৬) নামে দুইজন যুবক যাচ্ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আখতার হুসেন নিহত হন। চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে ফেরদৌস মারা যান। ট্রাক্টরটি পুলিশ আটক করেছে। এর চালক পলাতক।নাসিরনগর: নাসিরনগর থানার ওসি মো. গোলাম ফারুক বলেছেন, উপজেলার ফান্দাউক এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ওপর দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শম্ভুনাথ চক্রবর্তী (৬০) নামের এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি বেপরোয়াগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে রাতে সেখানে তিনি মারা যান। নিহত শম্ভুনাথ একজন মুক্তিযোদ্ধা ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে ফান্দাউক গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে।