হাউলীতে নির্বাচন কাল, নোয়াগ্রামে স্থগিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে কাল রোববার। একই দিন নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউপির উপনির্বাচন হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশে তা স্থগিত করা হয়েছে।
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউপির উপনির্বাচনের তফসিল গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়। ২১ সেপ্টেম্বর সেখানে নির্বাচন হবে। তিনটি ইউপির চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদ শূন্য হয়।
ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: গতকাল শুক্রবার শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা। নির্বাচনে আওয়ামী লীগের দুজন, ছাত্রলীগের দুজন, বিএনপির দুজন ও জামায়াতের এক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লোহাগড়া (নড়াইল): নোয়াগ্রামের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন স্থগিতের গণবিজ্ঞপ্তি জারি করেন। শামীম মাহমুদ বলেন, ইউনিয়নের সীমানা ও ভোটার তালিকা নিয়ে বাবরা গ্রামের শরীফ আবদুর রহমান উচ্চ আদালতে মামলা করায় আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বরগুনা: ছোটবগী ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ সেপ্টেম্বর। পরদিন মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ দিন ৭ সেপ্টেম্বর।