হাউস অব কমন্সে আজ বাংলাদেশ প্রশ্নে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আজ বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ বিতর্ক অনুষ্ঠিত হবে।
এদিকে হাউস অব কমন্সে পেশ করা কিছু প্রশ্নের জবাবে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিউ রবার্টসন জানিয়েছেন, বাংলাদেশে প্রতিশোধের আশঙ্কা এবং ভীতিমুক্ত অংশগ্রহণমূলক নতুন একটি নির্বাচনের জন্য নতুন সরকারসহ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।
দেশটির স্থিতিশীলতার জন্য সম্প্রতি কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির চেয়ারপারসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, যাতে জরুরি ভিত্তিতে ভবিষ্যতে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে একযোগে কাজ করার জন্য তাঁদের উৎসাহিত করা হয়েছে।
এই নির্বাচনের বৈধতা নিয়ে হাউস অব কমন্সে উত্থাপিত অপর এক প্রশ্নের জবাবে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অর্ধেকের বেশি আসনে ভোটাররা ভোট দেওয়ার সুযোগ না পাওয়ায় এবং অন্য অধিকাংশ আসনে ভোটার উপস্থিতি কম হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো যুক্তরাজ্যও হতাশ হয়েছে। প্রতিমন্ত্রী অবশ্য তাঁর সহকর্মী ব্যারনেস ভার্সির ৬ জানুয়ারির বিবৃতি উদ্ধৃত করে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী।
সোমবার হাউস অব কমন্সে বাংলাদেশের নির্বাচন, সহিংসতা ও নির্বাচনোত্তর পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ-বিষয়ক পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ারম্যান অ্যান মেইন সাতটি প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের লিখিত জবাব দেন হিউ রবার্টসন, যা মঙ্গলবারের কার্যবিবরণীতে নথিভুক্ত হয়।
মিসেস অ্যান মেইন এবং সায়মন ড্যানচুক আজ হাউস অব কমন্সে বেসরকারি সদস্য দিবসে বাংলাদেশের নির্বাচনোত্তর পরিস্থিতির বিষয়ে বিতর্কের প্রস্তাবক। শিশুদের প্রতি অবহেলা ও ফৌজদারি অপরাধ বিষয়ে পূর্বনির্ধারিত বিতর্কের বদলে বাংলাদেশ বিষয়ে এ বিতর্ক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় পার্লামেন্টের ব্যাকবেঞ্চ বিজনেস কমিটি।
লন্ডনের কাছাকাছি এলাকা সেন্ট অলবান্সের এমপি মিসেস অ্যান মেইন পার্লামেন্টে প্রথমে যে প্রশ্নটি উত্থাপন করেন, তাতে তিনি জানতে চান যে বাংলাদেশের অর্থনীতি ও শিল্প খাতে বর্তমান অস্থিরতার সম্ভাব্য প্রভাব সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর মূল্যায়ন কী। জবাবে হিউ রবার্টসন বলেন, সহিংসতা ও অস্থিরতা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করছে এবং অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার জন্য ক্ষতিকর।
নির্বাচনের বৈধতার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যুক্তরাজ্য বিশ্বাস করে পূর্ণতাপ্রাপ্ত এবং সচল গণতন্ত্রের প্রকৃত নিদর্শন হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে ভোটারদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে। সে কারণেই সব রাজনৈতিক দলকে ভবিষ্যতে প্রতিশোধের হুমকি ও ভীতিমুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জরুরিভিত্তিতে একযোগে কাজ করার জন্য যুক্তরাজ্য আহ্বান জানিয়েছে।
বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতের মূল্যায়ন সম্পর্কে দেশটির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী রবার্টসন জানান, ভারতের সঙ্গে বাংলাদেশসহ আঞ্চলিক বিষয়সমূহ দেশটির সঙ্গে ব্রিটেনের নিয়মিত এবং অব্যাহত সংলাপেরই অংশ। তবে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতের মূল্যায়নের বিষয়ে তিনি দেশটির জারি করা ৫ জানুয়ারির বিবৃতির প্রতি প্রশ্নকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
অপর এক প্রশ্নে মিসেস অ্যান মেইন জানতে চান যে বাংলাদেশের বিরোধীদলীয় নেতার (সাবেক) অবাধ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কী পদক্ষেপ নিয়েছে? প্রতিমন্ত্রী রবার্টসন জানান, ব্রিটিশ হাইকমিশনার তাঁর বাসভবনে মাত্রাতিরিক্ত নিরাপত্তা বাহিনীর উপস্থিতির বিষয়ে ঢাকায় কর্তৃপক্ষের কাছে উদ্বেগ প্রকাশ করেন। তারপর সেখান থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টে বিতর্ক আজ: ইউএনবি জানায়, বাংলাদেশের নির্বাচন বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে (ইপি) আজ বৃহস্পতিবার বিতর্ক অনুষ্ঠিত হবে।