হাউস অব কমন্সে বাংলাদেশ নিয়ে প্রশ্ন
বাংলাদেশের চলমান সহিংস প্রতিবাদের কারণে ব্রিটিশ সরকার দেশটি সফরের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সার্বক্ষণিক পর্যালোচনায় রেখেছে বলে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পার্লামেন্টকে জানিয়েছেন।শুক্রবার বিষয়টি নিয়ে হাউস অব কমন্সে এ বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় পররাষ্ট্র বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডগলাস আলেকজান্ডার বাংলাদেশের চলমান সহিংস প্রতিবাদের কারণে ব্রিটিশ সরকার দেশটি সফরের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ পরামর্শ সম্পর্কে জানতে চান।উইলিয়াম হেগ তাঁর জবাবে জানান, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সর্বশেষ তথ্য দিয়ে এই ভ্রমণ পরামর্শ সার্বক্ষণিক পর্যালোচনা করা হচ্ছে।ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যে ভ্রমণ পরামর্শ রয়েছে, পররাষ্ট্রমন্ত্রী তা তুলে ধরেন, যাতে ২৮ ফেব্রুয়ারির পর থেকে সহিংসতায় ৭০ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এতে বলা হয়, এসব প্রতিবাদ হঠাৎ করেই সহিংস হয়ে উঠতে পারে এবং তা থেকে বাস ও সম্পদে অগ্নিসংযোগ, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুলিশের সঙ্গে সংঘাতে রূপ নিতে পারে।হেগের উদ্ধৃত ভ্রমণ পরামর্শে বাংলাদেশ সফর না করা বা তা বিলম্বিত করার মতো কোনো উপদেশ নেই। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেখা যায়, এই বিবৃতির পরও ভ্রমণ পরামর্শ আরেক দফা নবায়ন করে ১৮, ১৯ ও ২১ মার্চের বিএনপির আহূত হরতালের কথা তাতে যুক্ত করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে হাউস অব লর্ডসে এক বিতর্কে উদ্বেগ প্রকাশ এবং সহিংসতার নিন্দা জানানো হয়।