হাওয়া উল্টো দিকে বইছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা গ্রামগঞ্জে ঘুরেছি। মাঠপর্যায়ের তথ্য বলছে, হাওয়া উল্টো দিকে বইছে। এই সরকারের সফলতা দেখে কৃতজ্ঞ জনগণ আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়।’
আজ বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘জয়ের মতো মেধাবী তরুণ রাজনীতিতে আসতে চাইলে তাঁকে স্বাগত জানানো উচিত। উচ্চশিক্ষা, মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পাশে থেকে তথ্যপ্রযুক্তি দিয়ে দেশকে সহায়তা করতে চান। তাঁর বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই।’
‘আমার কাছে তথ্য আছে, আগামী দিনে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে’—প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্যের বিষয়ে নাসিম বলেন, ‘এ কথাটি নির্বাচনকালে সব দলই বলে থাকে। কারণ, নির্বাচনের আগে গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থা নানা জরিপ করে। তিনি (জয়) এ ধরনের একটি ফলাফলের কথা বলেছেন। অথচ এ কথা বলার পর রাজনীতিতে ঝড় উঠেছে।’

নাসিম বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা নিশ্চয়তা দিচ্ছি, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও কারচুপি হবে না। তাই কেউ আসুক আর না আসুক, নির্বাচন হবেই। আর এই নির্বাচনে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে।’

বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নাজমুল হক, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির প্রমুখ।