
নির্বাচনের ব্যাপারে হাওয়া বুঝে সিদ্ধান্ত নেবে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের জাতীয় পার্টি। বিএনপি বা বিএনপির নেতৃত্বাধীন জোট কোনো কারণে আগামী সংসদ নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে যাবে। আর সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে জাতীয় পার্টি ‘শক্তিমান’দের পক্ষে থাকবে। দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখনো ‘নির্বাচনী খেলা’ পর্যবেক্ষণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেছেন, যদি বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না-ও নেয়, তাহলেও জাতীয় পার্টি নির্বাচনে যাবে। দলটি মনে করে, বিএনপি নির্বাচন ‘বয়কট’ করলেও ‘বানচাল’ করতে পারবে না। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি যে ধরনের নির্বাচন করেছিল, এবারকার নির্বাচন অত ‘খারাপ’ হবে না। পদ্মা সেতুর মতো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর একটা মীমাংসা করে হেসেখেলে দুই বছর কাটিয়ে দিতে পারবে ওই সরকার। এ রকম পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেওয়ার কোনো কারণ দেখছে না। এ ক্ষেত্রে জাতীয় পার্টির নেতৃত্বে ছোটখাটো একটা জোটও হতে পারে বলে জানিয়েছেন দলের আরেক নেতা।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি নির্বাচন করবে কি না, এমন প্রশ্ন উঠছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে বিএনপি নির্বাচন করবে কি না, এমন প্রশ্ন কেন উঠছে না? তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, এমন তো কোনো কথা নেই। নির্বাচনটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলো কি না, সেটা দেখার বিষয়। সরকার কয়েকটি বিকল্পের কথা বলেছে।’
তবে সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিরোধী দল নির্বাচনে না এলে জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায়, এমন কোনো প্রস্তাব সরকার এখনো দলকে দেয়নি।
এদিকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, তাঁরা সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক, এমনটাই চান। তবে দলের প্রধান এইচ এম এরশাদ যাচাই করে দেখতে চান তৃণমূলে দলের কী অবস্থা। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল লিখিত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা এইচ এম এরশাদকে রাষ্ট্রপতি করার অঙ্গীকার করেছিল, সংসদে পাওয়া আসনের ভিত্তিতে জাতীয় পার্টি থেকে মন্ত্রিত্ব দেওয়ার কথাও বলেছিল। কিন্তু কথা রাখেনি। এসব কারণে দলের নেতা-কর্মীরা মহাজোটের ওপর ক্ষুব্ধ।

জাতীয় পার্টির নির্বাচনী ভাবনা: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দল, বিএনপির নেতৃত্বাধীন সাত দল ও বামপন্থী পাঁচ দল একযোগে পথে নেমেছিল। এরই ফলশ্রুতিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়। এরশাদকে কারাগারে যেতে হয়। কিন্তু ১৯৯৬ সাল থেকেই রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দলটি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন যখন আওয়ামী লীগ ও অন্যান্য দল বয়কট করে, তখন বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিল। বিনিময়ে কারাবন্দী এরশাদকে মুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বলে সে সময়কার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল। শেষ পর্যন্ত আপস না হওয়ায় জাতীয় পার্টি নির্বাচনে যায়নি। ২০০১ সালেও জাতীয় পার্টি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে যুক্ত হয়, পরে বেরিয়ে যায়। সর্বশেষ ২০০৬ সালে দুই দলের টানাহেঁচড়া এড়াতে এরশাদ দুই দিন আত্মগোপন করে ছিলেন। জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতাদের ধারণা, আগামী সাধারণ নির্বাচনেও একই রকম কদর হবে তাঁদের। যদি সব দল নির্বাচনে আসে, তখন তারা কোন দল বা জোটের সঙ্গে গেলে লাভবান হবে, সেটা বিবেচনা করবে। দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী নির্বাচনে সব দল অংশ না নিলে জাতীয় পার্টি সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করবে। এ ক্ষেত্রে নির্বাচনের পক্ষ বা বিপক্ষ—যেদিকে হাওয়া জোরালো থাকবে, সে দিকেই যাবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় একজন নেতা বলেন, তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো হেফাজতে ইসলামের নাম শোনেননি। কিন্তু তাদের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। রাজনীতিতে কখন কে কীভাবে আবির্ভূত হয়, আগে থেকে বলা যায় না। তাই জাতীয় পার্টি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সভাপতিমণ্ডলীর অন্য এক সদস্য বলেছেন, জোট বদল করা কোনো নতুন ঘটনা নয়। তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গেও জোটে ছিল, কংগ্রেসের সঙ্গেও ছিল। এমন ভূরি ভূরি উদাহরণ আছে।