হাওর অঞ্চলের উন্নয়নে শুধু পরিকল্পনা আছে, কাজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরে ছয়-সাত মাসই অধিকাংশ এলাকা থাকে পানির নিচে। দেশের উত্তর-পূর্বের এমন সাতটি সাত জেলা নিয়ে হাওর অঞ্চল। সরকারি পরিসংখ্যান বলছে, প্রায় দুই কোটি মানুষের এই অঞ্চল সবচেয়ে দারিদ্র্যপীড়িত।তথ্য ও পরিসংখ্যান বলছে, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সবদিকে পিছিয়ে আছে হাওর এলাকা। দেশের সাক্ষরতার হার যেখানে ৫৪ দশমিক ৮, হাওর অঞ্চলে সেখানে ৫১ শতাংশ। শিশুমৃত্যুর হার জাতীয় পর্যায়ে ৪৯ শতাংশ, হাওরে তা ৫৭ শতাংশ। এই পিছিয়ে থাকা জনপদের উন্নয়নে রয়েছে একটি মহাপরিকল্পনা। এই অঞ্চলের সাংসদ, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বললেন, মহাপরিকল্পনায় সুন্দর সুন্দর কথা আছে কিন্তু কবে-কখন-কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, তা এখনো বোঝা যাচ্ছে না। আবদুল হামিদ ৪০ বছর ধরে নির্বাচিত হচ্ছেন তাঁর নির্বাচনী এলাকা থেকে। বললেন, ‘এত দিনও হাওরের মানুষের জন্য কিছুই করতে পারিনি।’ নিজ উপজেলা মিঠামইনে যদি গাড়িতে সরাসরি যেতে পারতেন, তবে জীবন সার্থক হতো, এমন কথাও বললেন হামিদ। এসব আক্ষেপের কথা স্পিকার অকপটে স্বীকার করলেন গতকাল শনিবার দ্বিতীয় জাতীয় হাওর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে এই সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকার বিশেষভাবে হাওরের উন্নয়নে খেয়াল রাখে। মহাপরিকল্পনা এ বছরে তৈরি হয়েছে। তাই হতাশ হওয়ার কিছু নেই। হাওরের মানুষের জীবন নির্বাহ করার ব্যবস্থা করা সবচেয়ে আগে দরকার বলে মনে করেন মুহিত।দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন পর্বে বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক ও রেবেকা মোমিন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী প্রধান রিজওয়ানা হাসান, তথ্য ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ার, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের এ কে এম মুসা, নাগরিক সংহতির শরিফুজ্জামান শরীফ প্রমুখ।ধানের কম দাম নিয়ে মহাজোট নেতারা বিপাকে: ধানের দাম পড়ে গেছে, স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বললেন, সরকার ধানের সঠিক দাম দিতে পারেনি। সঠিক দাম দেওয়ার চেষ্টা সফল হয়নি। তবে এখন কৃষকদের উপকরণ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। এই পড়তি দাম যে আগামী নির্বাচনে দলকে ভোগাবে, সে কথাও অকপটে স্বীকার করলেন সম্মেলনে উপস্থিত মহাজোটের নেতারা।গতকালের অনুষ্ঠানে ধানের পড়তি দামের কথা জানান জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক। তিনি বলেন, ‘হাওরের মানুষ নৌকা মার্কা পছন্দ করে। কিন্তু ধানের দাম ঠিকমতো দিতে না পারলে আগামী নির্বাচনে খবর আছে।’মুজিবুল হকের বক্তব্যের সঙ্গে সুর মেলান স্পিকার আবদুল হামিদ। জানালেন, আগামী নির্বাচনে আদৌ দাঁড়াবেন কি না, এই নিয়েও দ্বিধায় আছেন। ‘ভোট যে কী পাব, তা আল্লাহই জানেন,’ বলেন হামিদ। স্পিকার হামিদ কোনো দিন নির্বাচনে হারেননি, তাই বৃদ্ধ বয়সেও এর স্বাদ নিতে চান না বলে জানান। নির্বাচনের আগে তাই অবসরে যাওয়ার কথা ভাবছেন তিনি।