হাওর উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জে কার্যক্রম শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর-অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম শুরু হচ্ছে। প্রায় তিন বছর আগে অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের জন্য নির্মিত ভবনের উদ্বোধনের মাধ্যমে এর কাজ শুরু হবে। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আজ দুপুর ১২টায় এই ভবনের উদ্বোধন করবেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, সুনামগঞ্জে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ২০১০ সালে। এরপর সুনামগঞ্জ পাউবোর তত্ত্বাবধানে পৌর শহরের ষোলঘর এলাকায় এর জায়গায় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তিনতলা ভবন নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৮৫ লাখ টাকা। ২০১২ সালের শেষ দিকে ভবন নির্মাণের কাজ শেষ হয়। এরপর পাউবো ভবনটি বুঝে নেওয়ার জন্য হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরকে চিঠি দেয়। কিন্তু তিন বছর ধরে ভবনটি বুঝে না নেওয়ায় সেটি পাউবোর কাছেই ছিল।
ঢাকার গ্রিন রোডে পাউবো কার্যালয়ের একটি ভবনে চলে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম। হাওরপ্রধান জেলার মধ্যে সুনামগঞ্জে প্রথম আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হচ্ছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ হেল বাকী প্রমুখের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সুনামগঞ্জসহ হাওর এলাকার ছয়টি জেলায় ২০১০ সাল থেকে ‘হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের’ কাজ চলছে। এ ছাড়া জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্প’ নামে আরেকটি প্রকল্প শুরু হয়েছে। এই দুই প্রকল্পে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয় হবে।
সুনামগঞ্জে ‘হাওরবাসী রক্ষায় নাগরিক উদ্যোগের’ আহ্বায়ক নির্মল ভট্টাচার্য বলেন, ‘সুনামগঞ্জকে আমরা হাওরের রাজধানী বলি। আমাদের দাবি ছিল হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় এখানে হবে। কিন্তু সেটি না হয়ে আঞ্চলিক কার্যালয় হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সেটির কার্যক্রম শুরু হওয়ায় আমরা খুশি।’
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেছেন, ‘সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে আজ থেকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম শুরু হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এর উদ্বোধন করবেন।’