হাওর উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলকে অন্তর্ভুক্ত করাসহ সাত দফা দাবিতে মৌলভীবাজারে আন্দোলন চলছে। হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখার দেড় মাসব্যাপী ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরাঞ্চলের নবাবগঞ্জ বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে: জলাবদ্ধতাসহ বিভিন্ন সংকটে জর্জরিত মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বরাদ্দ প্রদান, হাওরের জলমহাল ইজারা প্রথা বাতিল, বিলগুলোতে অভয়াশ্রম সৃষ্টি, মাছ ধরার জন্য লাইসেন্স প্রথা চালু, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য নদী ও খাল খনন, কাওয়াদীঘি হাওরের কাশিমপুর পাম্প হাউসের আধুনিকায়ন ইত্যাদি।হাওর রক্ষা সংগ্রাম কমিটি ভুকশিমইল ইউনিয়ন শাখার আহ্বায়ক মানিক মিয়া মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হাওর রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন আহমদ, সদস্যসচিব মামুনুর রশীদ, কৃষকনেতা এইচ এম আলাউদ্দিন, কৃষক আপ্তাব মিয়া, সামাদ মিয়া, বিলু মিয়া, রফিক মিয়া প্রমুখ। কৃষক রফিক মিয়া বলেন, ‘আমাদের পূর্বপুরুষ যে জমিতে খেত করেছে, আমরা সেই জমিতে এখন খেত করতে পারছি না। আমন ফসল কাটার সময় অগ্রহায়ণ মাসে যে নবান্ন উৎসব হতো, এটা এখন উঠেই গেছে। আমরা হাওরাঞ্চলের মানুষ। কিন্তু এখন মাছের মুখই আমরা দেখি না।’ এই সমাবেশে এলাকার ১৮টি গ্রামের কৃষক ও মৎস্যজীবীরা অংশ নেয়। গত ৫ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প’ নামে ৯৪৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কিন্তু প্রকল্পে হাওর-অধ্যুষিত মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত করা হয়নি।