হাওর উন্নয়ন প্রকল্পের বাইরেই থাকছে মৌলভীবাজার জেলা
শেষ পর্যন্ত হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমানের উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্পের কার্যক্রম মৌলভীবাজার জেলাকে বাইরে রেখেই শুরু হচ্ছে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হাকালুকি, কাওয়াদীঘি ও হাইল হাওরের মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত হাওর অধ্যুষিত মৌলভীবাজার জেলাকে এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি। বিক্ষুব্ধ এলাকাবাসী বিভিন্ন ব্যানারে মৌলভীবাজারকে ওই প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। ওই প্রকল্পে অন্তর্ভুক্ত না হওয়ায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তাঁরা। প্রকল্প সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারি থেকে ‘হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমানের উন্নয়ন’ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এ প্রকল্পের আওতায় হাওরাঞ্চলের সড়ক, কালভার্ট, সেতু ও নদীর ঘাট নির্মাণ, হাটবাজার স্থাপন, ভরাট হওয়া খালবিল খনন, ঢেউয়ের কবল থেকে গ্রামগুলোকে রক্ষায় প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হবে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৯৪৫ কোটি টাকার এ প্রকল্পে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলে কাজ হবে। কিন্তু হাকালুকি, হাইল হাওর ও কাওয়াদীঘি হাওরের মতো হাওর অধ্যুষিত মৌলভীবাজারকে এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি। ওই প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে মৌলভীবাজার হাওর রক্ষা সংগ্রাম কমিটি, বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি প্রদান, মানববন্ধন, পথসভা ও অবরোধের মতো কর্মসূচি পালন করেছে। অপরদিকে মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. কফিলউদ্দিন কাইয়া জেলা প্রশাসকের কাছে মৌলভীবাজার জেলাকে হাওর উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার গুরুত্ব ও যৌক্তিকতা ব্যাখ্যা করে একটি চিঠি দেন গত ১২ জুলাই। দেশের বড় হাওরগুলোর চারটি—হাকালুকি, হাইল হাওর, কাওয়াদীঘি ও করাইয়ার হাওর এ জেলাতেই অবস্থিত। এর মধ্যে হাকালুকি হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ হাওর। এ জেলার সাতটি উপজেলাতেই হাওর বিস্তৃত এবং হাওর এলাকার প্রায় দুই লাখ জনগোষ্ঠীর জীবন-জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাওরের কৃষি ও মৎস্যসম্পদ এবং জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। বিভিন্ন ঋতুতে হাওরগুলো বিভিন্ন রূপ গ্রহণ করে। শীতকালে বিলগুলোর মাঝে জেগে ওঠে সবুজ ঘাসের বিস্তীর্ণ গালিচা। পাখির কলকাকলিতে মুখর হয় হিজল-করচের বাগান। আর বর্ষায় বিল-নদী একীভূত হয়ে তৈরি করে বিশাল জলরাশির। বিভিন্ন ধরনের দেশি-বিদেশি অতিথি পাখি আশ্রয় নেয়, যা দেশি-বিদেশি পর্যটক ও পাখিপ্রেমিকদের বিশেষভাবে আকর্ষণ করে। তাই হাওরগুলোর প্রাকৃতিক ক্ষয়িষ্ণু অবস্থা রোধে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু হাওর উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত না করায় দেশের অন্যান্য হাওর অধ্যুষিত জেলার চেয়ে মৌলভীবাজার জেলার উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় অর্জিত হবে না। হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পে অন্তর্ভুক্ত না করে মৌলভীবাজারবাসীকে বঞ্চিত করা হয়েছে। এ জন্য আমরা ধারাবাহিক আন্দোলন করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। আমরা এখন কঠোর আন্দোলনের দিকে যাব।’ পরিবেশবাদী সংগঠন মৌলভীবাজার বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপের সভাপতি সেলিম আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা আশাবাদী ছিলাম, প্রধানমন্ত্রী এতে হস্তক্ষেপ করবেন। কিন্তু জেলাবাসীর প্রাণের দাবির প্রতি প্রশাসনসহ কারও কাছ থেকে সাড়া মেলেনি। এতে আমরা খুব মর্মাহত, ক্ষুব্ধ।’ হাওর বাঁচাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি সিরাজ উদ্দিন আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পে মৌলভীবাজার ও সিলেটকে অন্তর্ভুক্ত না করায় আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। এখন মনে হচ্ছে, মৌলভীবাজারবাসীর সঙ্গে ভাঁওতাবাজি করা হয়েছে। অবহেলিত হাওরাঞ্চলবাসীকে নিয়ে কিছুদিনের মধ্যেই ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি করে আন্দোলনকে তীব্রতর করা হবে।’