হাওর অঞ্চলে রয়েছে প্রচুর সম্ভাবনা। তার পরও হাওরের মানুষ সবচেয়ে অবহেলিত। হাওর অঞ্চলের সংস্কৃতি আমাদের ঐতিহ্য ও গৌরবের। জাতীয় হাওর উৎসবে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। তাঁরা হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য হাওর উন্নয়ন মন্ত্রণালয় গঠন এবং হাওরবাসীর জন্য বর্তমান সরকারের গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
হাওর অঞ্চলের সম্ভাবনা ও কৃষি সংস্কৃতিকে জাগিয়ে তুলতে পরিবেশ আন্দোলন পবা ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় হাওর উৎসব গতকাল শনিবার নানা আয়োজনে শেষ হয়েছে।
উৎসবে ছিল গ্রামীণ খেলাধুলার মধ্যে কাবাডি, সাঁতার, ফুটবল, নৌকাবাইচ, চিত্র প্রদর্শনী ও বাউলগানের আসর। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে শুক্রবার হাওর উৎসবের উদ্বোধনী আলোচনা সভায় বক্তৃতা করেন হাওর উন্নয়ন বোর্ডের সদস্য স্থানীয় সাংসদ এম এ মান্নান, পরিবেশ আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, সমাজকর্মী রেজাউল করিম। হাওর উৎসবের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী।
গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কলকলিয়া ইউনিয়ন কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। বিকেলে ভবের বাজার মাঠে ফুটবল খেলা ও নলজুর নদীতে নৌকাবাইচ হয়।
হাওর অঞ্চলের জীবনযাত্রা নিয়ে অনুষ্ঠিত হয় চিত্র প্রদর্শনী। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার।
হাওরবিষয়ক সংবাদ পরিবেশনের জন্য এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক আতাউর রহমানকে দেওয়া হয় সম্মাননা পদক। চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়া চিত্রগ্রাহক স্থানীয় সাংবাদিক আলী আহমদ ও হাবিবুর রহমানকে পুরস্কার দেওয়া হয়।
বাউলগানের আসরে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকা থেকে বাউলশিল্পী কুদ্দুছ বয়াতি সংগীত পরিবেশন করে হাওরবাসী দর্শকদের মাতিয়ে রাখেন।
কামাল পাশা চৌধুরী বলেন, ‘২০০৭ সাল থেকে আমরা হাওর অঞ্চলে শুরু করেছি জাতীয় হাওর উৎসব। এবার চতুর্থ হাওর উৎসবের মাধ্যমে আমরা হাওরবাসীকে তাদের অধিকার আদায়ে জাগিয়ে তোলার মাধ্যমে হাওর অঞ্চলের হারিয়ে যাওয়া ক্রীড়া বিনোদনের ব্যবস্থা করেছি। প্রতিবছর আমরা এই উৎসব করব।’