হাওর এক্সপ্রেসের আসন বণ্টনে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেসের আসন বণ্টনে বৈষম্যের অভিযোগ পাওয়া গেছে। নেত্রকোনা জেলা সদরের তুলনায় ময়মনসিংহ ও মোহনগঞ্জে বেশি আসন দেওয়া হয়েছে। এ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তনগর হাওর এক্সপ্রেসে মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত প্রথম শ্রেণীর ১০টি,
শোভন চেয়ার ৪০টি, শোভন ১১২টি এবং বিমানবন্দর স্টেশনের জন্য শোভন চেয়ার ১৫টি, শোভন ৫০টি মোট ২২৭টি আসন বরাদ্দ দেওয়া হয়।
বারহাট্টা থেকে কমলাপুর পর্যন্ত প্রথম শ্রেণীর তিনটি, শোভন চেয়ার পাঁচটি, শোভন ২০টি এবং বিমানবন্দর স্টেশনের জন্য পাঁচটি মোট ৩৩টি আসন দেওয়া হয়েছে।
নেত্রকোনা থেকে কমলাপুর পর্যন্ত প্রথম শ্রেণীর ছয়টি, শোভন চেয়ার ১৫টি, শোভন ২৫টি এবং বিমানবন্দর স্টেশনের জন্য শোভন চেয়ার পাঁচটি, শোভন ১০টি মোট ৬১টি আসন দেওয়া হয়। শ্যামগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত প্রথম শ্রেণীর তিনটি, শোভন চেয়ার ১০টি, শোভন ১০টি এবং বিমানবন্দর স্টেশনের পাঁচটি মোট ২৮টি আসন দেওয়া হয়। গৌরীপুর থেকে কমলাপুর পর্যন্ত প্রথম শ্রেণীর দুটি, শোভন চেয়ার পাঁচটি, শোভন ১৫টি মোট ২২টি আসন দেওয়া হয়।
ময়মনসিংহ থেকে কমলাপুর পর্যন্ত প্রথম শ্রেণীর তিনটি, শোভন চেয়ার ১৫টি, শোভন ৪৯টি মোট ৬৭টি আসন বরাদ্দ দেওয়া হয়। এ হিসাবে নেত্রকোনা জেলা সদরের চেয়ে ময়মনসিংহ ও মোহনগঞ্জে বেশি আসন দেওয়া হয়েছে।
নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সদস্যসচিব হারুন অর রশিদ তালুকদার প্রথম আলোকে বলেন, নেত্রকোনাবাসীর জন্য অন্তত ২৫০টি আসন বৃদ্ধি করা দরকার। সঙ্গে সঙ্গে ট্রেনে নজরদারির ব্যবস্থা জোরদার করতে হবে। কারণ ট্রেনে কোনো টিকিট চেকার পাওয়া যায় না। এতে মানুষের মধ্যে টিকিট না কেনার প্রবণতা বেড়ে যেতে পারে।
নেত্রকোনা স্টেশনের মাস্টার মো. রফিউদ্দিন বলেন, কম্পিউটারসহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি, কোচ ও আসন বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।