হাওর এলাকাকে দুর্গত ঘোষণার দাবি সুজনের
ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, হাওর এলাকার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সরকারের একজন সচিব বলেছেন, কোনো এলাকার অর্ধেক মানুষ মারা না গেলে দুর্গত এলাকা ঘোষণা করা যাবে না—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এত বিপর্যয় ও ক্ষয়ক্ষতির পরেও কেন এ অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা হলো না—এ নিয়ে প্রশ্ন তোলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, হাওর অঞ্চলের হাহাকারের কারণ যেমন প্রাকৃতিক, তেমন মানুষসৃষ্ট। যাদের কারণে এ ঘটনা ঘটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, হাওর এলাকা ডুবে গেছে, আগামী বৈশাখের আগে ওই এলাকা ভাসবে না। এই মৌসুমে আর ফসল ফলানোর সুযোগ নেই। কোনো সবজি ফলানোর সম্ভাবনাও নেই। সুতরাং এসব এলাকায় খাদ্য সরবরাহে সরকারকেই দায়িত্ব নিতে হবে।
কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, হাওরাঞ্চলের বিষয়টি একটি জাতীয় দুর্যোগ। এসব এলাকার মানুষকে ত্রাণ সহায়তা দিলেই হবে না, তাদের ঋণও মওকুফ করতে হবে। বাঁধ নির্মাণে দুর্নীতির তদন্ত হওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাওর এলাকার পরিস্থিতি তুলে ধরেন সুজনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আলোকে ক্ষতিগ্রস্ত হাওর এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা, কৃষকদের জরুরি সহায়তা ও পুনর্বাসন, বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির তদন্ত, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, দুর্নীতির অর্থ সরকারি কোষাগারে ফেরত নিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করাসহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন। এ ছাড়া তিনি হাওরের ফসল রক্ষা বাঁধগুলো জরুরি ভিত্তিতে মেরামত, হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধকে যুগোপযোগী করা, বাঁধের নকশায় পরিবর্তন আনা, শুকনো মৌসুমে হাওর এলাকার নদ-নদী, খাল-বিল ও হাওর খনন করাসহ স্থায়ী ও টেকসই সমাধান, স্বল্পমূল্যে খোলাবাজারে খাদ্যদ্রব্য বিক্রির ব্যবস্থা করার সুপারিশ করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সুজনের নির্বাহী সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান, জাতীয় কমিটির সদস্য স্বপন আদনান প্রমুখ।