হাওর এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে হাওর এলাকায় যেসব জমি অনাবাদি আছে, সেগুলো আবাদের আওতায় এনে কৃষি উৎপাদন বাড়াতে বলেছেন।
গতকাল সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থিত সদস্যদের সঙ্গে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানতে চান। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে এসব বিষয় তুলে ধরেন। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা প্রায় দুইটা পর্যন্ত এই ভিডিও কনফারেন্স হয়।
সুনামগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হাওর এলাকার শিক্ষার উন্নয়নে প্রবাসীরা ভূমিকা রাখতে পারেন। এখানে বেসরকারি উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে। কেউ উদ্যোগ নিলে সরকার অনুমোদন দেবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার হাওর এলাকার ব্যাপক উন্নয়ন করেছে। সুনামগঞ্জে হাওর উন্নয়ন বোর্ডের কার্যালয় স্থাপন করা হয়েছে। হাওরে যোগাযোগের জন্য ডুবোসড়ক নির্মাণ করা হয়েছে। সুনামগঞ্জ থেকে মাছ ও সবজি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলায় চলমান সব উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে উপস্থিত সদস্যদের উদ্দেশে বলেন, যারা নৈরাজ্য করে দেশের উন্নয়ন ও উৎপাদন ব্যাহত করতে চায়, তাদের কঠোর হাতে দমন করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এম এনামুল কবির ইমন, পুলিশ সুপার হারুন অর রশিদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ, সিভিল সার্জন আবদুল হাকিম, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ প্রমুখ কথা বলেন।