হাওর এলাকার উন্নয়নকাজ করবেন জনপ্রতিনিধিরা
হাওর এলাকায় বাঁধ নির্মাণ ও মেরামতসহ অবকাঠামো উন্নয়নের কাজ এখন থেকে ঠিকাদারের পরিবর্তে জনপ্রতিনিধিরা করবেন। দেশের সাত জেলার হাওর অঞ্চলের এসব কাজ করা হবে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায়। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর দপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের দ্বিতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত ওই বৈঠকে হাওর ও জলাভূমির সমন্বিত উন্নয়নের লক্ষ্যে একটি মহাপরিকল্পনা তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকের সূত্রগুলো প্রথম আলোকে জানায়, ওই মহাপরিকল্পনার আওতায় হাওরের পানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ে একটি সমীক্ষা চালানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাওর ও জলাভূমির সমন্বিত উন্নয়নের লক্ষ্যে ১৮ মাস মেয়াদি ওই মহাপরিকল্পনায় ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বাঁধ নির্মাণ ও নদী পুনঃখননের বিষয়টি প্রাধান্য পাবে। ওই কাজে ভূমি ব্যবহার ও ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। সামগ্রিক প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। এদিকে হাওর অঞ্চলে সাম্প্রতিক প্লাবনের বিষয়টিকে বিবেচনায় এনে এ এলাকার বোরো ফসল রক্ষার লক্ষ্যে ৮৫০ কোটি টাকা ব্যয়ে সুরমা, কুশিয়ারা, মনু ও কালনী নদী পুনঃখননের সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হাওর বোর্ডের কার্যক্রম গতিশীল করতে একজন মহাপরিচালকের নেতৃত্বে ৫৭ জনের একটি জনবল কাঠামোর সুপারিশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। হাওর এলাকার উন্নয়নকাজ ঠিকাদারের পরিবর্তে জনপ্রতিনিধিদের কেন দেওয়া হলো, জানতে চাইলে বৈঠকের একটি সূত্র জানায়, এসব কাজ ঠিকাদারের পরিবর্তে স্থানীয় সরকারের প্রতিনিধিদের মাধ্যমে করাটাই ভালো। এতে প্রক্রিয়াগত জটিলতা কমবে। হাওর উন্নয়নের মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করে বৈঠকের অন্য একটি সূত্র জানায়, এবারের আকস্মিক ঢলের অভিজ্ঞতায় মনে হয়েছে, বাঁধগুলো ন্যূনতম আট মিটার অর্থাৎ ২৪ থেকে ২৬ ফুট উঁচু হতে হবে। তাহলে ঢলের হাত থেকে ফসল রক্ষা করা যাবে। বর্তমানে যেসব বাঁধ আছে, তা সর্বোচ্চ ১৮ ফুট। তবে নিয়মিত নদী পুনঃখনন না হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না।গতকাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অর্থ ও পরিকল্পনা, পানিসম্পদ, কৃষিমন্ত্রী ছাড়াও কয়েকজন সাংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।