বছরের সাত মাস হাওরপারের গ্রামগুলোর চারপাশ পানিতে নিমজ্জিত থাকে। বাকি সময়ে একমাত্র ফসল বোরো উৎপাদনই ছিল হাওরপারের মানুষের একমাত্র পেশা। ১৫ বছর আগেও হাওরপারের শতকরা ৯৮ ভাগ পরিবারের পেশা ছিল এটি। কিন্তু বারবার ফসলডুবি, জনসংখ্যা বৃদ্ধির কারণে জমির পরিমাণ কমে যাওয়ায় হাওরপারের শতকরা ৮০ ভাগ পরিবার মৎস্যজীবী।সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুরের বিস্তীর্ণ হাওর ঘুরে দেখা যায়, হাওরের বুকজুড়ে চলছে মৎস্য আহরণ। এ জন্য ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কোনা (মশারি) জাল, কারেন্ট জাল, বাইন্দইরা জাল। মৎস্য বিভাগের হিসাবে, এ বছর হাওরে বিপুল পরিমাণ পোনামাছ হয়েছে। কারণ, পানির চাপ বেশি থাকায় প্রতিটি হাওর একদিনেই তলিয়ে যায়। এ সময়ে লোকজন জমির ধান নিয়ে ব্যস্ত থাকায় পোনামাছ ধরা পড়েনি। কিন্তু বর্তমানে পোনা ধরা পড়ছে নিষিদ্ধ এসব জালে। উপজেলা মৎস্য কর্মকর্তা আহ্সান হাসিব খান বলেন, হাওরপারের গ্রামগুলোর অধিকাংশ পরিবারই জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিয়েছে মাছ ধরা। এতে করে হাওরের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। প্রতি সপ্তাহে অবৈধ এসব জাল আটক করে পুড়িয়ে ফেলা হচ্ছে। মানুষকে এ বিষয়ে সচেতন করতে করা হচ্ছে সমাবেশ। উপজেলার সুলেমানপুর গ্রামের সিরাজুল ইসলাম জানান, গ্রামের ২৫০টি পরিবারের মধ্যে এখন তিনটি পরিবার ছাড়া সবাই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই তিনটি পরিবার মাছ ধরে না সম্মান যাওয়ার ভয়ে। একই গ্রামের বাবুল মিয়া বলেন, এটি ছিল সচ্ছল কৃষকদের গ্রাম। আগে কেউ জেলে ছিল না। বারবার ফসলডুবির কারণে বর্তমানে এ অবস্থা হয়েছে।নিষিদ্ধ জাল ব্যবহার প্রসঙ্গে জেলেরা বলেন, আগে হাওরে মাছ ধরার লোক কম ছিল। তাই সুতার জাল ব্যবহার করলে মাছ ধরা পড়ত। এখন মশারি জাল, কারেন্ট জাল ও বাইন্দইরা জাল ব্যবহার করেও জনপ্রতি রোজ ২০০ টাকাও পান না। জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার বলেন, এখন হাওরপারের লোকজনের জীবিকার একমাত্র অবলম্বন হচ্ছে মাছ ধরা। তাই নতুন কোনো কর্মসংস্থান না হলে ভালো-মন্দ বোঝানো কঠিন। তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক বলেন, হাওরে পরিকল্পিত বেড়িবাঁধ দিয়ে ফসল রক্ষার ব্যবস্থা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে হবে। কৃষকদের রক্ষায় সব ধরনের সহযোগিতা করলেই কৃষকেরা ঘুরে দাঁড়াবেন, কমবে মাছ ধরে জীবিকা নির্বাহকারী পরিবারের সংখ্যা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, হাওরে যাতায়াত দুর্গম, শিক্ষার হারও কম। একমাত্র ফসল হারিয়ে লোকজন বেঁচে থাকার জন্য পেশা হিসেবে বেছে নিয়েছে মাছ ধরা। এ কারণে হুমকির মুখে পড়েছে হাওরের জীববৈচিত্র্য। তিনি জানান, সম্প্রতি হাওরে অভিযান চালিয়ে পাঁচটি মশারি জাল আটক করে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুড়িয়ে ফেলা এসব জালের সঙ্গে জড়িত ছিল ৩০টি পরিবারের কান্না। তাই হাওরপারের যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিষয়গুলো সরকারের সংশ্লিষ্টদের জানানো হয়েছে।