হাওর ও জলাভূমি বোর্ড হবে সংযুক্ত অধিদপ্তর
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড পানিসম্পদ মন্ত্রণালয়ের সংযুক্ত অধিদপ্তর হিসেবে কাজ করবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বোর্ডকে বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আইনি কাঠামো দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত আইনের খসড়াটি উত্থাপন করা হলে মন্ত্রিসভা সিদ্ধান্ত দেয়, এটি মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে চলবে। সে ক্ষেত্রে নতুন আইনের প্রয়োজন হবে না।
গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অন্য আলোচনার সূত্র ধরে ৩ নভেম্বর জেলহত্যার বিষয়ে কয়েকজন মন্ত্রী আলোচনা করেন। গতকালের সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার বিষয়ে মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সিদ্ধান্ত হয়, সরকারের এক বছর পূর্তির আগেভাগে প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ উন্নয়নের প্রচার করবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে জানান, বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের বিষয়ে একটি সমঝোতা স্মারক সংশোধনের প্রটোকল স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিদ্যমান আইন অনুযায়ী, বাংলাদেশের শ্রমিকেরা মালয়েশিয়ার সব জায়গায় কাজ করার সুযোগ পান না। এই প্রটোকল সই হলে বাংলাদেশের শ্রমিকেরা মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে কাজ করার সুযোগ পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠকে মালয়েশিয়ার সঙ্গে ভিসা বিষয়ে আরেকটি চুক্তি অনুমোদন করেছে মন্ত্রিসভা। ওই চুক্তি অনুযায়ী, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই উভয় দেশে আসা-যাওয়া করতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশের সঙ্গে ১২টি দেশের এ ধরনের চুক্তি রয়েছে। আরও ১৮টি দেশের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া গতকালের বৈঠকে সার্ক দেশগুলোর মধ্যে সড়কপথে যান চলাচলসংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে বেলজিয়ামের ব্রাসেলসে গত ২০ অক্টোবর অনুষ্ঠিত শ্রম আইন, নিরাপদ কারখানা ও তৈরি পোশাক খাতবিষয়ক পর্যালোচনা সভার বিষয়বস্তু মন্ত্রিসভাকে অবহিত করা হয়। ওই সভায় মন্ত্রী জানান, ক্রেতা বা আমদানিকারকদের তৈরি পোশাকের দাম বাড়ানোর অনুরোধ করেছেন তিনি।
বৈঠকের শুরুতে প্রয়াত শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী ও জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ ছাড়া জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা।