হাওর থেকে মেছো বাঘ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পেটনার হাওর থেকে আজ রোববার এলাকাবাসী এই মেছো বাঘটি আটক করেন। ছবি: সংগৃহীত।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পেটনার হাওর থেকে আজ রোববার এলাকাবাসী এই মেছো বাঘটি আটক করেন। ছবি: সংগৃহীত।

নেত্রকোনায় একটি হাওর থেকে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে খালিয়াজুরী উপজেলার পেটনার হাওর থেকে এলাকাবাসী বাঘটি আটক করেন। পরে খবর পেয়ে বন বিভাগের লোক গিয়ে বাঘটি উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, বাঘটির উচ্চতা প্রায় দুই ফুট। লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো। গায়ের রং ধূসর। আটকের পর পশুটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে স্থানীয় জেলেরা খালিয়াজুরী সদর ও জগন্নাথপুর গ্রামের মাঝামাঝি পেটনার হাওরে মাছ ধরার সময় জলজ উদ্ভিদ ও কচুরিপানার ভেতরে মেছো বাঘটি দেখতে পান। পরে জেলেরা ভয়ে জাল ও নৌকা নিয়ে চলে আসেন। জেলেদের কাছ থেকে এ খবর জানার পর আজ দুপুর সাড়ে ১২টার দিকে খালিয়াজুরী সদর ও জগন্নাথপুর গ্রামের দুই শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে ২০-২৫টি নৌকায় করে ওই স্থানে পৌঁছে জায়গাটি ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা বাঘটি আটক করতে সক্ষম হন। লোকজনের পিটুনিতে বাঘটি দুর্বল হয়ে পড়ে। বাঘটি মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি বাড়িতে বেঁধে রাখা হয়। এ সময় বাঘটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে জেলা বন বিভাগের একজন কর্মচারী বেলা সাড়ে তিনটার দিকে বাঘটি উদ্ধার করে জেলা কার্যালয়ে নেওয়ার জন্য রওনা হন।

খালিয়াজুরীর বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা জয়বাঁশি দাস বলেন, ‘বাঘটি আটক করার সময় কিছু মানুষ এটিকে মেরে ফেলতে চেয়েছিল। পরে অন্যরা বাধা দেন। লাঠির আঘাতে পশুটি দুর্বল হয়ে গেছে। বাঘটির দ্রুত চিকিৎসা করা প্রয়োজন।’

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় বাঘটি উদ্ধার করে কার্যালয়ে আনতে সময় লাগবে। স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি বাঘটি দুর্বল হয়ে গেছে। বিষয়টি ময়মনসিংহ অঞ্চলের সহকারী বন সংরক্ষণ ও শেরপুর ডিভিশন ফরেস্ট কর্মকর্তাকে জানানো হয়েছে। প্রাণীটি কাদের কাছে হস্তান্তর করা হবে, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, বনজঙ্গলে খাবার না পেয়ে বাঘটি কোনো একসময় দলছুট হয়ে পানিতে ভেসে অথবা শুকনো মৌসুমে হাওরের ওই জায়গায় ঠাঁই নিয়েছিল। পশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

নেত্রকোনায় এর আগে চলতি বছরের ১১ মার্চ সদর উপজেলার ভদ্রপাড়া এবং ৯ এপ্রিল বর্নি গ্রামে হাঁসের খামারির পাতা ফাঁদে মেছো বাঘের আরও দুটি বাচ্চা ধরা পড়েছিল।