জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দ্রুত ও সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা না হলে পুরো হাওরাঞ্চলে চরম অবস্থা সৃষ্টি হবে। হাওরে ফসল উৎপাদন ব্যাহত হবে ও মৎস্যসম্পদ ধ্বংস হয়ে যাবে। তাই হাওর বাঁচাতে সরকারকে উদ্যোগ নিতে হবে।গতকাল বুধবার কিশোরগঞ্জের পপি-পার্ট মিলনায়তনে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা-২০০৯ জন-অংশগ্রহণ বাস্তবায়ন ও সমন্বয়’ শীর্ষক জেলা কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে হাওরের চরম অবস্থা হলে এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে এলাকা ছেড়ে যেতে হবে। এতে করে দেশের অন্যান্য এলাকার লোকসংখ্যা বেড়ে স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হবে। তাঁরা বলেন, হাওর বাঁচলে সারা দেশের মানুষ উপকৃত হবে। তাই সরকারকেই এ ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করতে হবে ও উদ্যোগ নিতে হবে।কর্মশালার আয়োজক প্রতিষ্ঠান সাদ-বাংলাদেশের নির্বাহী পরিচালক এম মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার জাহান, আইনজীবী নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, রেজাউল করিম চৌধুরী প্রমুখ। কর্মশালায় হাওরে খাদ্যনিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য, সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও জ্ঞান ব্যবস্থাপনা, প্রশমন ও কার্বন-সাশ্রয়ী উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণে ছয়টি দলে বিভক্ত হয়ে অর্ধশতাধিক নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়। কর্মশালায় সুশীল সমাজের নেতা, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।