হাওর মহাপরিকল্পনা অনুমোদন
হাওর অঞ্চলের সম্পদ উন্নয়নে সরকার হাওর এলাকার জন্য ২০ বছরের এক মহাপরিকল্পনা অনুমোদন করেছে। এতে জীবনযাত্রার মানোন্নয়নে এ সমাজসেবায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকবে এবং আয় ও সম্পদের সমবণ্টন নিশ্চিত করা হবে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের তৃতীয় বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। পানিসম্পদ মন্ত্রণালয় এই মহাপরিকল্পনা প্রণয়ন করে। সংশ্লিষ্ট সব সামাজিক ও পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে সম্ভাব্য ভবিষ্যৎ উন্নয়নের জন্য হাওর এলাকার সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এটি একটি ‘সমন্বিত উন্নয়ন পরিকল্পনা’।বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ২০ লাখ হেক্টর আয়তনের হাওর এলাকা রয়েছে। এ এলাকায় প্রায় দুই কোটি লোক বসবাস করে এবং রয়েছে চমৎকার জলজ প্রতিবেশগত বৈশিষ্ট্য।সমন্বিতভাবে এই পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বন্যা ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, ফসল উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ, শিক্ষা, বসতি স্থাপন, স্বাস্থ্যসুবিধা, স্যানিটেশন, শিল্পকারখানা, বনায়ন, খনিজ সম্পদের ব্যবহার এবং বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন।বৈঠকে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলায় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের জেলা অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়। এতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ভূমিমন্ত্রী রেজাউল করিম, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এবং সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।