হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ দুই সংগঠনের
হাওরের উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা প্রণয়ন করা হলেও তা বাস্তবায়নের কার্যক্রম দেখা যাচ্ছে না। তাই এ কার্যক্রমের অগ্রগতির জন্য হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডকে সক্রিয় করা দরকার। একই সঙ্গে হাওর এলাকার জেলাগুলোতে হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড অফিস স্থাপন করার পদক্ষেপ নেওয়া উচিত।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল বুধবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট আয়োজিত ‘হাওর মহাপরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই আহ্বান জানান।
বৈঠকে মহাপরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়ন, মূল্যায়ন ও সমন্বয় কার্যক্রম পরিচালনায় কারিগরি সহায়তা প্রদানসহ হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতির জন্য আটটি সুপারিশ করা হয়েছে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। বিজ্ঞপ্তি।