হাওর রক্ষায় ঘোষণা আসবে আশা ক্ষতিগ্রস্ত কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ নেত্রকোনার আটপাড়ায় এসেছিলেন। সাত বছর পর আজ বৃহস্পতিবার খালিয়াজুরিতে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখতে আসছেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে নিজেদের জন্য আশীর্বাদ মনে করছেন হাওরাঞ্চলের মানুষ। তাঁদের প্রত্যাশা, সফরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর মুখ থেকে স্পষ্ট ঘোষণা আসবে। বিশেষ করে হাওর রক্ষার ঘোষণা চান তাঁরা। এতে দুর্দশা লাঘবের স্বপ্ন দেখছেন কৃষকেরা।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে ঢাকা থেকে প্রধানমন্ত্রী রওনা দেবেন। সকাল পৌনে ১০টায় খালিয়াজুরি উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সকাল ১০টায় খালিয়াজুরি কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত কৃষক ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ এবং তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি। পরে তিনি নৌপথে নগর ইউনিয়নের বল্লভপুর এলাকায় যাবেন। এ ছাড়া জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হরিধন সরকার বলেন, ‘এ ইউনিয়নে ১৫টি গ্রামের মধ্যে একমাত্র চানপুর ছাড়া কোনো গ্রামে পানি প্রতিরক্ষা দেয়াল নেই। ফলে ঢেউয়ের কারণে গ্রামগুলো ভেঙে যাচ্ছে। আশা করি, প্রধানমন্ত্রীর আগমন হাওরবাসীর জন্য আশীর্বাদ হবে।’
গতকাল বুধবার দুপুরে বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১০-১২টি বাড়িতে গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে খুশির বন্যা বইছে। ৭০ বছরের বৃদ্ধ অক্ষয় সরকার বাড়ির আঙিনা পরিষ্কার করছেন। তাঁর স্ত্রী সনকা রানি সরকার বারান্দা ও চারপাশ লেপছেন। পাশের বাড়ির গৃহবধূ হেলেন সরকার উঠান লেপছেন। শিশু তিথি সরকারও মাকে সাহায্য করছে। এ দুই নারী বলেন, যাঁকে এ পর্যন্ত ভোট দিয়েছি, তাঁকে এবার সরাসরি দেখার সৌভাগ্য হবে।
কৃষক উপানন্দ সরকার বলেন, ‘৫০ হাজার টাকা মহাজনের কাছ থেকে ঋণ করে ছয় একর জমিতে বোরো ধান করেছিলাম। বন্যায় সব শেষ হয়ে গেছে। ছয় সদস্যের ঘরে এক মুঠো চালও নেই। বড় ছেলের সঙ্গে কলেজপড়ুয়া ছেলেও ঢাকায় গেছে কাজের সন্ধানে।’
সাত সদস্যের পরিবার চালান দক্ষিণপাড়া গ্রামের রিপন সরকার। ঋণের টাকা পরিশোধ করতে তিনি দুটি গরু ও তিনটি ছাগল সস্তায় বিক্রি করেছেন। তিনি বলেন, ‘দুই বেলা পেট ভরে খেতে পাই না। হাওরে মাছ মরে যাওয়ায় তা-ও ধরতে পারি না। এলাকায় কাজও পাচ্ছি না।’
৪ নম্বর ওয়ার্ডের সদস্য কবীন্দ্র সরকার বলেন, এ গ্রামে ৩১৭টি পরিবার হতদরিদ্র। অভাবের কারণে অনেকেই পরিবার নিয়ে কাজের সন্ধানে ঢাকায় গেছেন।
সিদ্দিকুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মালতি সরকার বলে, ‘আমাদের উপজেলা খুব অবহেলিত। প্রধানমন্ত্রীর কাছে আশা, তিনি যেন এ এলাকার উন্নয়ন করেন। সবার পড়ালেখার সুযোগ করে দেন।’
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, খালিয়াজুরিতে ৮৯টি হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকে ২০ হাজার ৭০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এতে অন্তত ৩০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলায় ৭৯ হাজার ৭১০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। নিঃস্ব কৃষকের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার। ধান নষ্টের পর ক্ষতিগ্রস্ত হয় ১৬ হাজার ১২০ জেলের পরিবার।
কৃষকেরা বলেন, বাঁধ ভেঙে হাওরের ফসলহানির ঘটনা এবারই প্রথম নয়। গত ২৫ বছরে নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। তবে এত ব্যাপক আকারে না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম ছিল। কিন্তু এবার আর কিছুই নেই কৃষকের। প্রতিবছর হাওরে ক্ষতি হলেই নানা প্রকল্পের কথা শোনা যায়। কিন্তু কাজ হয় না। এবার তাঁরা প্রধানমন্ত্রীর কাছ থেকে হাওর রক্ষার ঘোষণা চান।
সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তাসহ সব প্রস্তুতি প্রায় শেষ।