হাওর রক্ষায় চাই মানুষ ও প্রকৃতির সহাবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামসার সাইট হিসেবে স্বীকৃত গুরুত্বপূর্ণ জলাভূমি টাঙ্গুয়ার হাওর রক্ষায় প্রয়োজন মানুষ ও প্রকৃতির পরিকল্পিত সহাবস্থান, কার্যকর জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ ও স্থানীয় লোকজনের সক্রিয় ভূমিকা। এ জন্য একটি নেটওয়ার্ক গড়ে তোলা দরকার।গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘রামসার জলাভূমি ব্যবস্থাপনাকাঠামো রক্ষায় জাতীয় নেটওয়ার্ক’ শীর্ষক পরামর্শ সভায় বক্তারা এ কথা বলেন। সভাটি আয়োজন করে প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) বাংলাদেশ শাখা।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উল আলম বলেন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর রক্ষার্থে দরকার নির্ভরযোগ্য সংগঠন, মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থান আর জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ।সভায় মূলত জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি কীভাবে মানুষের বসবাসের বিষয়টি মানিয়ে নিয়ে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা যায় সে বিষয়ে মতবিনিময় করা হয়।প্রত্যন্ত টাঙ্গুয়ার হাওরাঞ্চলের ৮৮টি গ্রামে ৫৬ হাজার লোক বাস করে। এসব মানুষ মূলত কৃষিকাজ ও মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে।২০০৯ সাল থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়, আইইউসিএন ও স্থানীয় অধিবাসীদের সমন্বয়ে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা হচ্ছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার বন্ধের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা ও প্রকৃতির সঙ্গে মানুষের ভারসাম্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। এ প্রসঙ্গে আইইউসিএনের প্রতিনিধি বলেন, স্থানীয় ব্যক্তিদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি বাড়ছে। মৎস্য আহরণ হচ্ছে টেকসই পদ্ধতিতে। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পূণ্যব্রত চৌধুরী বলেন, স্থানীয় লোকজনকেই হাওর রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিন চৌধুরী বলেন, প্রশাসনের লোকবলের অভাব, স্থানীয় লোকজনের মানসিকতা ও জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতার কারণে প্রকল্প তেমন ফলপ্রসূ হচ্ছে না। ২০০০ সালে টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭১ সালে ইরানের রামসার শহরে বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমিগুলো রক্ষার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি গৃহীত হয়। এর আওতায় তালিকাভুক্ত স্থানগুলো রামসার সাইট হিসেবে পরিচিত।