
সোনালি ধানে ভরে গেছে খেতের পর খেত। হাওরের লিলুয়া বাতাসে দুলছে ধানের সোনালি শিষ। চলছে খেতভরা সেই ফসল কাটার মহোৎসব।
বৈশাখ মাসের প্রথম দিন থেকেই বোরো ধান কাটা শুরু হয়েছে। কাঁচি হাতে কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটায় ব্যস্ত।
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া—এ সাত জেলার হাওর-অধ্যুষিত জনপদসহ সারা দেশেই চলছে ধান কাটার মহোৎসব। খলা (ধান শুকানোর উঠান), গরুর গাড়ি, ধান রাখার ঘর ও মাড়াইস্থল প্রস্তুত করে ফেলেছেন অধিকাংশ কৃষক। সচ্ছল গৃহস্থদের বাড়িতে বেড়ে গেছে ব্যাপারীদের আনাগোনা।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কইয়াকুড়ি হাওরের কৃষক আবদুল জহির জানান, আবহাওয়া ভালো থাকায় বিগত এক দশকের মধ্যে এবার বোরো ফলন সবচেয়ে ভালো হয়েছে। তাই কৃষকের চোখেমুখেও সোনালি ধানের সোনালি স্বপ্ন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইয়ারাবাদ গ্রামের কৃষক মো. সাইফুর মিয়া বলেন, ‘ধানের ছড়ায় মাঠ ভইরা গেছে। সোনা-রঙের মাঠভর্তি ধান দেইখ্যা প্রাণটা ভইরা যায়।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের চার জেলায় চলতি বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চার লাখ ৩৫ হাজার ৩১১ হেক্টর। এর মধ্যে অর্জিত হয়েছে চার লাখ ৫১ হাজার ৮৬৪ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ হাজার ৫৫৩ হেক্টর বেশি। গত বছর বোরো অর্জিত হয়েছিল চার লাখ ২০ হাজার ৪৮৭ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা তাহেরা খানম প্রথম আলোকে বলেন, হাইব্রিড, উফশী ও স্থানীয়—এ তিন প্রজাতির বোরো আবাদে কৃষি অধিদপ্তর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তা বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি অর্জিত হয়েছে। সিলেট অঞ্চলে বোরো আবাদে কৃষকদের এ সাফল্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সিলেটের কয়েকটি হাওরে সরেজমিনে কৃষি কর্মকর্তার এ কথার সত্যতা পাওয়া যায়। গরুর গাড়ির ঘচং-ঘচং শব্দ খরতপ্ত চৈত্রের বাতাসে কৃষকের শরীরে মাদকতাময় শিহরণ তৈরি করছে। মাঠভর্তি সোনালি ফসল আবাদের খুশিতেই দিন শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কৃষকেরা গাইছেন গান। সে গানের সুর যেন মিলছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার এ পঙিক্তর মতোই, ‘ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী/ আমারই সোনার ধানে গিয়েছে ভরি’।