হাওরপাড়ের কৃষদের ঈদের আনন্দ নেই
সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরপাড়ের কৃষকদের ঈদের আনন্দ নেই। শিলাবৃষ্টিতে একমাত্র ফসল বোরো ধান নষ্ট হওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া ধানের দাম কম হওয়ায় তাঁরা ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড় কিনতে পারছেন না। এ কারণে উপজেলা শহরের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় নেই।
চাপতি হাওরপাড়ের কৃষক সুহেল মিয়া বলেন, ‘অন্যের ১০ কেদার (৩০ শতকে এক কেদার) জমিতে ধান আবাদ করেছিলাম। এর অর্ধেক ধান শিলাবৃষ্টিতে জমিতেই নষ্ট হয়ে গেছে। বাকি অর্ধেকের কিছু বাড়িতে আনার পর রোদের অভাবে নষ্ট হয়ে গেছে। এরপর সামান্য যে ধান পেয়েছিলাম, তা মালিককে দিয়েছি। বড় কষ্ট করে দিন কাটছে। ঈদের কাপড় কেনার টাকা নেই।’
সেন মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি জুবের সরদার জানান, তাঁদের বিপণিবিতানের দোকানগুলোতে বেচাকেনা একেবারেই কম। বোরো ধানের ফলন ভালো না হওয়ায় কৃষকেরা ঈদের কাপড় কিনতে পারছেন না।
দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুবেল তালুকদার বলেন, ‘গ্রামের লোকেরা মার্কেটে আসছে না। যে টাকা খরচ করে আমরা দোকান সাজিয়েছি, মনে হয় সে টাকাই উঠবে না।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, উপজেলার প্রায় ৮০ শতাংশ লোক পেশায় কৃষক। প্রায় ৯০ শতাংশ হাওরপাড়ের গ্রামগুলোতে বাস করে। একমাত্র ফসল বোরো ধান ভালো না হওয়ায় এবং ধানের দাম কম হওয়ায় তাঁদের মধ্যে ঈদের আমেজ নেই।