হাওরপারে এক মনেছার ২২ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনির হাওরের বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমের কাজ ২২ দিন ধরে তদারক করছেন মনেছা বেগম l ছবি: প্রথম আলো
শনির হাওরের বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমের কাজ ২২ দিন ধরে তদারক করছেন মনেছা বেগম l ছবি: প্রথম আলো

একপাশে পাহাড়ি ঢলের টইটম্বুর পানি। অন্য পাশে হাওরের সুরক্ষিত ফসলি জমি। মাঝখানের বেড়িবাঁধটি রক্ষার কাজ করছেন শত শত পুরুষ শ্রমিক। সঙ্গে আছেন উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও। এর মধ্যে শুধু একজন নারী। নাম মনেছা বেগম। বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ইসলামপুরে। উপজেলার বেহেলি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য তিনি। এক-দুদিন নয়, গত ২৯ মার্চ রাতে বাঁধ ভাঙার উপক্রম হওয়ার সময় থেকে তিনি আছেন শনির হাওর রক্ষা বাঁধ এলাকায়।
চল্লিশোর্ধ্ব মনেছা আট ভাইবোনের মধ্যে সবার ছোট। তাঁর দুটি ছেলে আছে। বড় ছেলে, ছেলের বউ আর নাতনিকে নিয়ে তাঁর পরিবার। নিজের কোনো ভিটা নেই, বাবার বাড়িতে থাকছেন। বড় ছেলে সোহেলের দিনমজুরির আয় আর ইউপি সদস্য হিসেবে নিজের সম্মানী দিয়ে চলে মনেছার সংসার।
শনির হাওর জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলায় বিস্তৃত। গত বুধবার দিন শেষে কথা হয় শনির হাওরে বাঁধরক্ষার স্বেচ্ছাশ্রমে সমন্বিত চেষ্টার নেপথ্যের জনপ্রতিনিধিদের একজন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সঙ্গে। মনেছাকে হাওরের বাঁধ রক্ষার ‘ভ্যানগার্ড’ অভিহিত করে উপজেলা চেয়ারম্যান বলেন, মনেছা স্বেচ্ছাসেবী শ্রমিকদের সঙ্গে আছেন ২৯ মার্চ রাত থেকে। এত দিনে একটুও ক্লান্ত দেখা যায়নি তাঁকে। কামরুজ্জামান বলেন, এ পর্যন্ত পালা করে দিনে সর্বোচ্চ ১ হাজার ৫০০ লোক কাজ করেছেন। এঁদের মধ্যে একমাত্র মনেছাই নারী। তিনি সার্বক্ষণিক আছেন।
বাঁধ এলাকায় কথা হয় মনেছার সঙ্গে। ২২ দিন ধরে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থেকে স্বেচ্ছাসেবী শ্রমিকদের সঙ্গে কাজে হাত মেলাচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। কখন কোন বাঁধের অবস্থা নাজুক—মনেছার দেওয়া তথ্যে তাৎক্ষণিক সংস্কার করা হচ্ছে। এখানে কাজ করছেন মনেছার দিনমজুর ছেলে সোহেল মিয়াও। মনেছাও আগে শ্রমিক ছিলেন। সোহেল জানালেন, মা জনসেবা আর তিনি দিনমজুরি করছেন। মনেছার মতো নারী জনপ্রতিনিধি আরও আছেন। এখানে তিনি কেন একা? এমন প্রশ্নে তাঁর সোজা কথা, ‘ভোটারদের দুর্দিনে যদি পাশে না থাকি, তাহলে কেন তাঁরা আমাকে আবার ভোট দেবেন।’
হাওরে ছেলেকে নিয়ে ২২ দিন ধরে বাঁধ রক্ষার লড়াইয়ে শামিল হওয়া মনেছাকে খাবারদাবার দেওয়া হচ্ছে কৃষক পরিবার থেকে। বৃষ্টি-বাদল উপেক্ষা করে বাঁধে গভীর রাত পর্যন্ত থাকছেন। ভোরের দিকে সময় ঘুমানোর জন্য ঘরে যান। সেখানকার ব্যবসায়ীরা তাঁকে বিশ্রামের জায়গা করে দেন। এভাবে তাঁর দিনযাপন শুধু যে জনপ্রতিনিধির নয়, তা-ও স্পষ্ট করে জানালেন। মনেছা বলেন, ‘হাওরের ধান উঠলে কোনো না কোনোভাবে আমিও কিছু পাইমু। ধান-চাউলের বাজারে টান থাকত না। তা না হইলে তো সকলতের সঙ্গে আমাকে আরও অভাবের মুখে পড়তে অইব।’
বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সে কথা হয় ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। মনেছা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর মতো (মনেছা) উদ্যমী, সাহসী ও পরিশ্রমী জনপ্রতিনিধি দেখিনি। এত দিন ধরে হাওরের বাঁধে অবস্থান নিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে একা কাজ করা মনেছাকে গিয়ে না দেখলে সত্যিই বিশ্বাস করার কথা নয়।’