হাওরপারে কৃষকের হাহাকার

মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারের কৃষকদের মধ্যে হাহাকার চলছে। কারণ, তাঁদের কষ্টে বোনা বোরো ধান তলিয়ে আছে পানিতে। এ ফসল ঘরে তোলার সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসছে।
কাউয়াদীঘি হাওর পড়েছে মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলায়। বোরো ধান এ হাওর পারের মানুষের সারা বছরের একমাত্র ফসল। আর দু-তিন সপ্তাহের মধ্যে এ ধান পাকত।
গত বুধবার সকাল ১০টার দিকে এই প্রতিবেদক রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর বাজার এলাকায় গেলে বেশ কয়েক জন ফসল হারানোর বিবরণ দেন। অনেকের ধানখেতেই বুকসমান পানি। ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের আনসার মিয়া (৩০) বলেন, ‘এই কদিনের বৃষ্টিতে ৬০ শতাংশ ধান তলিয়ে গেছে। পানি বাড়ছে। যদি বৃষ্টি না থামে এবং পাম্প সচল (হাওরের বাড়তি জল সেচের জন্য কাশিমপুরে স্থাপিত মনু নদ প্রকল্পের পাম্প) না থাকে, তাহলে বাকিটুকুও তলিয়ে যাবে।’
কাশিমপুর গ্রামের ভাগচাষি মো. সাইফুর রহমান (৩৩) বলেন, ‘১৫ কিয়ার খেত করছিলাম। ৩৫ হাজার টাকা ঋণ করে। এখন ঋণ দিবার আর উপায় দেখছি না।’ কৃষকেরা জানান, হাল দেওয়া, হালিচারা তৈরি, বীজ, শ্রমিকসহ প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন হাজার টাকা। সোনাপুর গ্রামের ভাগচাষি গোলাপ মিয়া (৫০) বলেন, ‘পরিবারে সাতজন সদস্য। তাদের নিয়ে সারা বছর কী খাইমু, কী করমু। বোঝরাম না।’
ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তোতা মিয়া (৭৩) বলেন, ‘১২ দিন ধরে পানি বাড়ছে। পানিতে ধান নিচে না এমন মানুষ নাই। পাম্প হাউসের মেশিন যত সময় চলে, পানি থিতু থাকে। কিন্তু অনেক সময়ই কারেন্ট থাকে না। আমার ওয়ার্ডে অন্তত ৬০০ কৃষক পরিবার নিঃস্ব হয়ে গেছে। চৈত্র মাসে এমন বৃষ্টি দেখি নাই।’
>গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মৌলভীবাজার জেলায় ৪৩ হাজার ৫৮০ একর মাঠের ধান পানিতে তলিয়ে রয়েছে
বুধবার বেলা দুইটার দিকে কাশিমপুর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অন্তেহরি এলাকায় হাওরের মধ্যে গিয়ে দেখা যায়, তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে চার-পাঁচজন কৃষক ধান কাটছেন। তাঁদের একজন সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের কাদিপুর গ্রামের দুর্গাপদ সরকার (২৭) বলেন, ‘পাঁচ কিয়ার জাগা করছিলাম। নিজের জাগাও না। দেখইন কুনতা (কিচ্ছু) নাই। ধানে মাত্র ফুল আইছে। কিছু ধান কাটিয়া নেরাম (নিচ্ছি) গরুরে খাওয়াইতাম।’ দুর্গাপদ সরকার পানি থেকে উঠে এসে দেখালেন ফুল ধরা ধান। নৌকায় করেই গরুর জন্য ধান কেটে নিচ্ছিলেন অন্তু বৈদ্য (২২)।
কৃষকেরা অভিযোগ করেন, পাম্প হাউস সব সময় চলে না। যে কারণে হাওরে পানি বেড়ে ধান তলিয়ে যায়।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে পাম্প হাউসে গিয়ে দেখা গেছে, আটটি পাম্পের মধ্যে সাতটি চলছে। একটি পাম্প পদ্ধতিগত কারণে বন্ধ রাখা হয়। পাম্প হাউসে উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২৪ ঘণ্টা পাম্প চলছে। বিদ্যুৎ না থাকলে পাউবোর কিছু করার নাই। তা ছাড়া যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সে পরিমাণ পানি বের করার ক্ষমতা নেই এই পাম্পের। অপরদিকে কুশিয়ারা নদীর পানি হাওরের পানি থেকে প্রায় ১৫ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত গতকাল বৃহস্পতিবার বলেন, ‘বিপর্যস্ত অবস্থা। কৃষকরা হায় হায় করতেছে।’
রাজনগর উপজেলা কৃষি কার্যালয় জানিয়েছে, উপজেলার ফতেহপুর, উত্তরভাগ, মুন্সীবাজার ও পাঁচগাঁও—এই চারটি ইউনিয়নের ৫ হাজার ৯৫০ একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পুরো বিলের একটি বাঁধ ভেঙে গেছে। রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান গতকাল বলেন, ‘খুব খারাপ অবস্থা। এখনো ধান পাকেনি। ফুল পর্যায়ে আছে। পানি আরও বাড়বে। এবার ধান বাঁচানো যাবে বলে মনে হয় না।’
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক হারুনুর রশীদ বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ১১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান গতকাল প্রথম আলোকে বলেন, ‘উজানে ভারতীয় অংশেও বৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলই আমাদের বেশি ক্ষতি করেছে।’ উপপরিচালক বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় ৪৩ হাজার ৫৮০ একর মাঠের ধান পানিতে তলিয়ে রয়েছে।