হাওরপারে ফসলহারা মানুষের আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বিভিন্ন হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণে গত ১০ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বাঁধের কাজ হয়েছে কম। গত দুই বছর সর্বনিম্ন দরদাতাকেই কাজ দেওয়া হয়েছে। আর এবার পরিবর্তিত নিয়মে মাত্র পাঁচ শতাংশ কম দরে লটারির মাধ্যমে কাজ নিয়েছেন ঠিকাদারেরা। কিন্তু বেশি টাকা পেলেও তাঁরা কাজ করেছেন কম। এখন ফসল হুমকিতে পড়ায় তাঁরা গা ঢাকা দিয়েছেন। স্থানীয় কৃষকেরা হাওরে হাওরে তাঁদের ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাউবোর বাঁধের কাজে মানের বিষয়টি ওপর-নিচের সবাই জানেন। ভালো কাজ হয়েছে কোনোভাবেই সেটা বলা যাবে না। কোনো কোনো বাঁধে এখনো কাজই শুরু হয়নি। সময়মতো কাজ শুরু করলে, এখন হয়তো এ সমস্যা হতো না।’ সুনামগঞ্জে এবার ৩৭টি হাওরে ১৩১ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত ও নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ জন্য সরকারি বরাদ্দ আছে ১২ কোটি ৮০ লাখ টাকা। কাজের মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে অধিকাংশ বাঁধের কাজই শেষ হয়নি। তাই আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে। জেলা কৃষি বিভাগের মতে, এক লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে। ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় লাখ ৩৪ হাজার ৬১৬ মেট্রিক টন।বাঁধের কাজ নিম্নমানের হওয়ায় গত কয়েক দিনের বৃষ্টিতে একের পর এক হাওরে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাচ্ছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার দেখার হাওরের কামরূপদলং ও আস্তমা গ্রামের পাশের বাঁধ ভেঙে যাওয়া হাওরে পানি ঢুকতে দেখা যায়। এলাকার কয়েক শ কৃষক বাঁশ দিয়ে আড় বেঁধে মাটির বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।শুক্রবার রাতে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের গুনিয়াউড়ি, সানিয়াটা ও মিটুয়া হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে দেড় হাজার একর জমির ফসল।অভিযোগ আছে, ঠিকাদারেরা কাজ পাওয়ার পর তা বিক্রি (সাব-লিজ) করে দেন। মূল ঠিকাদারেরা হাওরে যান না। এ ছাড়া জেলার বাইরের ঠিকাদারেরা কাজ পেলে তাঁরা সুনামগঞ্জেই আসেন না। আর বাঁধ ঝুঁকির মুখে পড়লে এসব ঠিকাদার গা ঢাকা দেন।গতকাল জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি বাঁধ পরিদর্শন করে স্থানীয় সাংসদ এম মান্নান প্রথম আলোকে বলেন, ‘নলুয়ার হাওরের অধিকাংশ ফসল এখন পানির নিচে। হাওরের পাড়ে আহাজারি করছেন ফসলহারা মানুষজন। স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষায় কাজ করছেন তাঁরা। কিন্তু ঠিকাদারদের কোনো খোঁজ নেই।’ তিনি আরও বলেন, ‘মানুষজন পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের ওপর চরম ক্ষুব্ধ। এবার বাঁধের জন্য সরকার সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। কিন্তু কাজ হয়েছে অন্য যেকোনো সময়ের থেকে কম।’জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ জানান, তাঁর এলাকার হালির হাওরের বাঁধ ভাঙার উপক্রম হলে স্থানীয় কৃষকেরা দিনরাত চেষ্টা করে কোনো রকম টিকিয়ে রেখেছেন। কিন্তু গত দুদিনে সেখানে পাউবোর কোনো কর্মকর্তা বা ঠিকাদারের দেখা পাওয়া যায়নি। জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান জানান, বেশি ক্ষতি হয়েছে নলুয়ার হাওরে। সব জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় লোকজনকে নিয়ে বাঁধ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। বৃষ্টি থামলে পরিস্থির উন্নতি হবে। তবে নদীর পানি বাড়ছে। বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।