হাওরপারের কৃষকের চিন্তা এখন জীবিকা
সুনামগঞ্জের ধরমপাশার সদর ইউনিয়নের জয়শ্রী সড়কের কান্দাপাড়া ঢালা দিয়ে গতকাল শনিবার আরও ছয়টি হাওরে পানি ঢুকেছে। জগন্নাথপুরে ডুবে গেছে আরও আটটি। এতে দুই উপজেলার চার হাজার ৪৭৫ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে তলিয়ে গেছে ২০০ একর জমির বাদাম ও মিষ্টি আলু। ফসল হারিয়ে দিশেহারা এসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক। জীবিকা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সুনামগঞ্জ, ধরমপাশা ও জগন্নাথপুর : ধরমপাশা উপজেলার ডুলিজার, কুদালিয়া, মাইনিয়া, সাপামারি, নয়াবিল ও রুই হাওর গতকাল সকালে ডুবে যায়। এতে চার হাজার ২৭৫ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আশঙ্কায় উপজেলার বৃহত্তম টগার হাওরের আধাপাকা ধান কাটতে শুরু করেছেন কৃষক। এই হাওরে এক হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। জগন্নাথপুরে বাঁধ ভেঙে গতকাল পাটলি ইউনিয়নের সাতটি ও রানীগঞ্জ ইউনিয়নের একটি হাওরের ফসল ডুবে গেছে। এতে পাটলি ইউনিয়নের ডিগারকুল, বিলচর, ঘাইটার, টেকারবন্দ, শিকানন্দি, আধাকান্দির ও লাউতলা পশ্চিমের হাওর এবং রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও হাওরের মোট দুই হাজার একর জমির ফসলের ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে বিপুল পরিমাণ ফসলডুবির ঘটনায় জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন জেলার স্থানীয় সরকার প্রতিনিধিরা। সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে গতকাল দুপুরে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। এতে বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ানের পরিচালনায় সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তদীর আহমদ। বক্তব্য দেন দেওয়ান জয়নুল জাকেরিন, ইউসুফ আল আজাদ, অবনি মোহন দাস, আবদুল কুদ্দুস, ফারুক আহমদ, নূরুল ইসলাম, আহমদ মিয়া, ফেরদৌসী সিদ্দিকা, আবদুল হাসিম, উজির মিয়া প্রমুখ। সমাবেশ শেষে তাঁরা মৌন মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হাওরে পানি ঢুকে ডুবে গেছে বিপুল পরিমাণ বাদাম ও মিষ্টি আলু। ফসল হারিয়ে এখানকার কৃষকেরা নিঃস্বপ্রায়। সুতারপাড়া গ্রামের বাদামচাষি মঞ্জিল মিয়া (৬০) বলেন, ‘প্রয়াগ হাওরে আট কাঠা জমিতে বাদাম আবাদ করেছিলাম। বাঁধ ভেঙে সব তলিয়ে গেছে। তিন দিনে যতটুকু পেরেছি, অপুষ্ট বাদাম উজানে এনেছি। তা দিয়ে এক-দুই মাস চলবে। বছরের বাকি সময় না খেয়ে থাকতে হবে।’ একই বক্তব্য পুরানচামড়া, খাগশ্রী, চন্দ্রগাঁও, বেড়াচাপড়া, ইটনা উপজেলার বড়িবাড়ী, শিমুলকান্দি ও বর্শিকুড়াসহ অন্যান্য গ্রামের কৃষকের।গোয়াইনঘাট (সিলেট): পাহাড়ি ঢল আর গত চার দিনের বৃষ্টিতে গোয়াইনঘাটের অন্তত ২০ হাজার একর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার আটটি ইউনিয়নের সব বোরো ফসল এখন পানির নিচে। লক্ষ্মীর, মেউয়ারকান্দি, শিয়ালা, চদিবদি, বাংলাইন, খাস ও নাইনদা হাওর পানিতে থই থই করছে। হাওরের পাশাপাশি পানি বাড়ছে উপজেলার প্রতিটি নদীতে।