হাওরপারের গ্রামে নলকূপে অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতি মিলেছে
আর্সেনিকে আক্রান্ত হাওরপারের গ্রামে নলকূপের পানি পরীক্ষায় অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। গতকাল রোববার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের নলকূপটি পরীক্ষায় ৫০০ পিপিবি (পাস্ট পার বিলিয়ন) মাত্রার আর্সেনিক ধরা পড়েছে। পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা ৫০ পিপিবি।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সহায়তায় গোলা-বাড়ী গ্রামের এ নলকূপ স্থাপন করেছে বেসরকারি সংস্থা ডাসকো। নলকূপের পানিতে আর্সেনিকের পরীক্ষাটি করেন ডাসকোর কর্মী শাহ আলম। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, এনজিওকর্মী লিপিকা তালুকদার, অনিতা সরকারসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাঁরা সবাই গোলাবাড়ী গ্রামের নলকূপে আর্সেনিকের এ তথ্য নিশ্চিত করেছেন।তবে গোলাবাড়ী গ্রামের পূর্ব দিকে অবস্থিত ভান্ডারচাকর গ্রামের নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি স্বাভাবিক মাত্রায় পাওয়া যায় বলে জানান তাঁরা।এনজিওকর্মী লিপিকা তালুকদার ও অনিতা সরকার বলেন, ‘গোলাবাড়ী গ্রামে আর্সেনিকে আক্রান্ত ৩৭ জন রোগীর তথ্য আমরা সংগ্রহ করেছি।’ ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার বলেন, ‘আমাদের পুরো ইউনিয়নটি হাওর-পারে অবস্থিত। আর্সেনিকের এ তথ্য পেয়ে প্রতিটি গ্রামের লোকজন এখন আতঙ্কিত। ইউনিয়নের সব নলকূপের পানি পরীক্ষার ব্যবস্থা নিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ করেছি।’উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু সায়েম বলেন, ‘আমরা ওই দুটি গ্রামে দুটি নলকূপ স্থাপনের চেষ্টা করছি।’