উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাধার কারণে হাওরপারের ধামাইল উৎসব স্থগিত করে দিয়েছেন সংগঠনের নেতারা। আজ শুক্রবার ‘হাওরপারের ধামাইল বাংলাদেশ’ (হাপাধা) নামের ধামাইল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো সুনামগঞ্জ জেলার মধ্যনগরবাজারে উৎসব হওয়ার কথা ছিল।সংগঠন সূত্র জানায়, উৎসবের প্রস্তুতি হিসেবে একটি স্মরণিকায় উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়ালের বাণী নিতে গত ২২ সেপ্টেম্বর সংগঠনের নেতারা সিলেট নগরে চেয়ারম্যানের বাসায় যান। এ সময় চেয়ারম্যানকে প্রধান অতিথি না করার ক্ষোভে তিনি ধামাইল সংস্কৃতিকর্মীদের বাসা থেকে বের করে দেন। বাসার সামনে চেয়ারম্যানের ছেলে ও গাড়িচালকের হামলার শিকার হন সংস্কৃতিকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে সিলেট নগরে মানববন্ধন করে নিন্দা জানানো হয়। এ ঘটনার সূত্র ধরে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে একটি প্রচারপত্র মধ্যনগর ও সিলেটে বিলি করা হলে আবদুল আউয়াল ক্ষুব্ধ হয়ে উৎসব করতে প্রকাশ্যে নিষেধ করেন। ধামাইল উৎসবের জন্য নির্ধারিত মধ্যনগরবাজারের আখড়া কমিটি সভা করে উৎসবের বিপক্ষে অবস্থান নেওয়ায় গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসব স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। হাওরপারের ধামাইল বাংলাদেশের সভাপতি সজল কান্তি সরকার ও সাধারণ সম্পাদক বিমান তালুকদার জানান, পরে আরও বড় পরিসরে উৎসব আয়োজনের প্রস্তুতি তাঁরা শুরু করেছেন।উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল ধামাইল উৎসব আয়োজনের ক্ষেত্রে তাঁর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন।