হাওরপাড়ে ধান কাটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরপাড়ের দাসনোওয়াগাঁও গ্রামের বর্গাচাষি অমর চান দাস। তিনি এবার সাত কেদার জমিতে (৩০ শতকে এক কেদার) বোরো চাষ করেছেন। তাঁর চাষ করা পাঁচ কেদার জমির ধান দুই দিন আগে পেকেছে। সেই ধান কাটার জন্য বছরের প্রথম দিনটিকে নির্ধারণ করেন তিনি।মাঠে নতুন ধান কাটার কাজে ব্যস্ত অমর চান। অন্যদিকে, ফুরসত নেই তাঁর স্ত্রীরও। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে কাজে নেমে পড়েন স্ত্রী বিন্দু রানী দাস। ধান মাড়াইয়ের জন্য বাড়ির আঙ্গিনা তৈরি করতে এখন ব্যস্ত তিনি।এমন কর্মচঞ্চলতা শুধু অমর চানের পরিবারে নয়, সুনামগঞ্জের বড় হাওর নলুয়ার হাওরে ধান কাটা শুরু হওয়ায় গোটা এলাকায় কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।অমর চানের মতো আরও অনেক কৃষককে গত শনিবার বছরের প্রথম দিনে ওই হাওরে ধান কাটতে দেখা যায়। বর্গাচাষি অমর চানের আশা, মালিককে ধান দিয়েও তিনি ৫০ মণ ধান পাবেন। দূর হবে অভাব-অনটন।ভূরাখালি গ্রামের কৃষক নুরুল হক বলেন, ‘নয়া বছরের পয়লা দিন ধান কাটছি, এর চেয়ে আনন্দ আর কী হতে পারে।’বোরো ধান ওঠায় দেশে এসেছেন যুক্তরাজ্যপ্রবাসী রসুলপুর গ্রামের তারা মিয়া। তিনি বলেন, ‘আমি প্রবাসী হলেও কৃষিই আমাদের অন্যতম প্রধান কাজ। ফসল ঘরে তোলার আনন্দে শামিল হতে দেশে এসেছি।’বেতাউকা গ্রামের কৃষক ধনই মিয়া বলেন, ‘এবার ৪০ কেদার বোরো চাষ করেছি। আশা করছি, এক বছরের ধান মজুদ রাখার পরও কিছু বিক্রি করে সারা বছর ভালোভাবে কাটাতে পারব।’উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম জানান, জগন্নাথপুর উপজেলাবাসী বোরো ফসলের ওপর নির্ভরশীল।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ জানান, কোনো ধরনের প্রাকৃতিক বির্পযয় না হলে ১৫ দিনের মধ্যে হাওরের ধান কাটা শেষ হয়ে যাবে।