হাওরপাড়ে ধান কাটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরপাড়ের কৃষকের এখন দম ফেলার ফুরসত নেই। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। বৈশাখের খরতাপ মাথায় নিয়ে কেউ ধান কাটায়, কেউ মাড়াইয়ে ব্যস্ত। কিষানিরা হাওরপাড়েই ধান শুকাচ্ছেন। শেষ বিকেলে কৃষকেরা শুকনো ধান বয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে।সুনামগঞ্জের হাওরে হাওরে এখন চলছে বোরোধান কাটার অন্যরকম উৎসব। এই উৎসব চলবে বৈশাখজুড়ে। কৃষকেরা জানান, সুনামগঞ্জে ১০ দিন ধরে রাতে বৃষ্টি ও দিনে রোদ—এমন আবহাওয়া বিরাজ করছে। এটা তাঁদের জন্য ভালো। কৃষকেরা দিনে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ নির্বিঘ্নে করতে পারছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে জেলার সব হাওরের ধান কাটা শেষ হয়ে যাবে। চৈত্রের শুরুর দিকে বা মাঝামাঝিতে হাওরে বৃষ্টি হলে ধানের ফলন ভালো হয়। এতে ধান নির্ধারিত সময়ে পাকে। কিন্তু এবার তা হয়নি। চৈত্রজুড়েই ছিল খরা। খরার কারণে ধান পেকেছে দেরিতে। অন্য বছর বৈশাখের শুরুতেই হাওরে ধান কাটা শুরু হয়ে যায়। এবার তা এক সপ্তাহ পিছিয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের কৃষ্ণনগর গ্রামের কৃষক স্বপন কুমার বর্মণ জানান, এবার বৃষ্টি না হওয়ায় খরায় হাওরের নিচের জমিতে ফলন কম হয়েছে। ওপরের অংশে ফলন ঠিক আছে। নিচে আগে যেসব জমিতে এক কিয়ারে (৩০ শতাংশ) ১৫ মণ ধান হতো, এবার সেসব জমিতে নয় থেকে দশ মণ ধান হচ্ছে। ওই কৃষক আরও জানান, তিনি ৩৬ কিয়ার জমিতে বোরো রোপণ করেছিলেন। এ পর্যন্ত ১১ কিয়ার কাটা হয়েছে। ধানের ফলন কম হওয়ায়, ধান কাটা শ্রমিকেরা কাজে গড়িমসি করছেন। বাজারে এখন প্রতি মণ ধান সাড়ে চার শ থেকে পাঁচ শ টাকা বিক্রি হচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরপাড়ের হালুয়ারগাঁও গ্রামের কৃষক সমছু মিয়া জানান, রোদ থাকায় তাঁরা ধান কেটে হাওরপাড়েই মাড়াই ও শুকানোর কাজ সেরে ফেলছেন। দিনে বৃষ্টি না হওয়ায় তাঁদের জন্য সুবিধাই হয়েছে। একই উপজেলার বাদে আবদুল্লাহপুর গ্রামের আরব আলী জানান, অনাবৃষ্টির কারণে বিএর-২৮ ধানের ফলন কম হয়েছে। তবে বিএর-২৯ জাতের আবার ভালো হয়েছে। তিনি ২৮ ও ২৯ জাতের ধান লাগিয়েছিলেন বেশি। একই গ্রামের আহমদ আলী জানান, ভালোয় ভালোয় ১৫ দিন সময় পেলে হাওরের পুরো ধান কাটা শেষ হয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা খুশি আছি। তবে ধানের দাম না বাড়লে আমরার ক্ষতি অইব।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুনামগঞ্জে এবার এক লাখ ৯২ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে সাত লাখ মেট্রিক টন। কৃষি বিভাগের উপপরিচালক এস এম আফসারুজ্জামান জানান, হাওরে গড়ে ২৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। এপ্রিলের ভেতর কোনো সমস্যা না হলে ৭০ ভাগ ধান কাটা হয়ে যাবে। তিনি বলেন, ‘প্রথমদিকে অনাবৃষ্টির কারণে কিছু কিছু জাতের ধানের ফলন কম হলেও পরে বৃষ্টি হওয়ায় অন্য জাতের আবার ফলন ভালো হয়েছে। গড়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে বলে আমরা আশাবাদী।’