হাওরভর্তি পানি চোখভরা জল
চল্লিশোর্ধ্ব কৃষক ফজল মিয়া। সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইয়ারাবাদ হাওরে পানির তোড়ে ভেঙে যাওয়া সরু একটি বাঁধে বসে আছেন তিনি। দাড়াইন নদীর পানি শোঁ শোঁ শব্দে হাওরে ঢুকছে। চোখভর্তি জল নিয়ে পানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ফজল মিয়া। আনমনে বিড়বিড় করে বললেন, ‘পানি যেন গিইল্যা ফালাইতাছে জমির ধান।’শুধু ইয়ারাবাদ হাওর নয়, গত চার দিনে শাল্লার সব কটি হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। সোমবার রাতের বৃষ্টির পর গতকাল মঙ্গলবার সকালের মধ্যে উপজেলার সবচেয়ে বড় ছায়ার হাওর পানিতে তলিয়ে যায়। সব কটি হাওর তলিয়ে যাওয়ার পর হাওরজুড়ে শুরু হয়েছে শোকের মাতম। দামপুর গ্রামের কৃষক মতি রহমান (৬০) বলেন, ‘ই-খানও অখন ধান কাটার উত্সব লাগি যাইবার কথা। তা না অইয়া অখন মরাবাড়ির লাখান (মতো) কান্দনের ধুম পড়ছে।’ সরেজমিনে দেখা যায়, উপজেলার পুটিয়া হাওর, নাইপতার হাওর, জোয়াইরা, ছাগলাইয়া, বাঘা, ভাটিরকান্দি, বাইরচাপটা, হুগলি, কইয়া, গোবুড়ি, ভোলানগর দিঘারবন, গরমতলার হাওর, চণ্ডির হাওর, ছায়ার হাওর, ভান্ডার হাওর, ভরামের, ঘিলুটিয়া উতগল, চাকুই, ভিতরচাপটা, আটগাঁও সুরমা নদীর উত্তরপাড় হাওরে কৃষকেরা পানির নিচে ডুব দিয়ে ধান কাটার শেষ চেষ্টা চালাচ্ছেন। কৃষকদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও ঠিকাদারেরা বাঁধ নির্মাণে অনিয়ম করায় সামান্য বৃষ্টিতেই সব কটি বাঁধ ভেঙে ফসলডুবির ঘটনা ঘটেছে। গত সোমবার পর্যন্ত সরকারি তথ্যানুযায়ী, শাল্লায় সব কটি হাওরের ফসল তলিয়ে গেছে বলে জানানো হয়েছে। জগন্নাথপুরে ১০ হাজার একরের বোরো ফসল তলিয়ে গেছেজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, জগন্নাথপুরে আরও ১০ হাজার একরের বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শেষ সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বেড়িবাঁধ ভেঙে রৌয়াইল হাওরের কয়েকটি গ্রামের ১০ হাজার একর বোরো ফসল তলিয়ে যায়।গোয়াইনঘাটের সব কয়টি হাওর তলিয়ে গেছেগোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, বৃষ্টি আর পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের সারি, গোয়াইন, পিয়াইন, চেভেরখাল, ডাউকিতে নদীর পানি বেড়ে গেছে। ইতিমধ্যে উপজেলার সব কয়টি হাওর পানির নিচে তলিয়ে গেছে। জেলা শহর সিলেটের সঙ্গে গোয়াইনঘাটের সরাসরি সড়ক যোগাযোগ দুই দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে।