হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলার বন্যাকবলিত হাওরাঞ্চলকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মোট উৎপাদিত ধানের এক-পঞ্চমাংশ আসে হাওর থেকে। তাই হাওরের ধান এই অঞ্চলের শুধু নয়, সমগ্র বাংলাদেশের খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। অথচ হাজার হাজার হেক্টর জমির ফসল আজ পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পানির নিচে।
এই বন্যা থেকে কৃষকের ফসল রক্ষা করার জন্য সরকারি অর্থে যেসব বাঁধ নির্মাণ করা হয়েছিল, সেগুলো সঠিক পদ্ধতিতে পুনর্নির্মাণ কিংবা সংস্কার না করায় কৃষকেরা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে মন্তব্য করেন বক্তারা।
সমাবেশ থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন হাওরাঞ্চলকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করে সেই অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি ১২ দফা দাবি উত্থাপন করেন।
উত্থাপিত অন্য দাবিগুলো হচ্ছে দুর্গত এলাকায় অবিলম্বে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করা, পরবর্তী ফসল ঘরে না ওঠা পর্যন্ত কৃষকদের ভিজিএফ কর্মসূচির আওতায় আনা, আগামী মৌসুমে চাষাবাদের জন্য সরকারি উদ্যোগে কৃষকদের বিনা মূল্যে বীজ, সার ও কৃষি-উপকরণ সরবরাহের ব্যবস্থা করা, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত কৃষি ও এনজিও ঋণ মওকুফসহ বিনা সুদে নতুন কৃষিঋণ প্রদানের ব্যবস্থা করা, বাঁধ নির্মাণের ক্ষেত্রে গাফিলতির জন্য দায়ী সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের শাস্তির ব্যবস্থা করা ইত্যাদি।
এই ১২ দফা দাবি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এগুলো বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সমাবেশের সভাপতি প্রাবন্ধিক, গবেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, কেবল হাওরাঞ্চলের দুর্গত মানুষের জন্য নয়, জাতীয় প্রবৃদ্ধির স্বার্থে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা উচিত।
আবুল মকসুদের মতে, হাওরাঞ্চলকে যথাযথ ব্যবস্থাপনার আওতায় এনে এর প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা গেলে জাতীয় প্রবৃদ্ধি ২ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।
এই সমাবেশ আয়োজনে বাপার সঙ্গে যুক্ত অন্য সংগঠনগুলো হলো গ্রিন ভয়েস, হাওর অঞ্চলবাসী, আইনের পাঠশালা, ভাটি বাংলা সংস্কৃতি পরিষদ ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল।