হাওরাঞ্চলে অধিকাংশ শিশু জন্ম নেয় ‘দাইমা’র হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরাঞ্চলের অধিকাংশ শিশু জন্ম নেয় দাইমার হাতে। তবে দাইদের অদক্ষতা ও অজ্ঞানতার জন্য প্রায়ই শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। এ অবস্থায় দাইদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি হাওরের বাসিন্দারা অনুরোধ জানিয়েছেন। একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থা, হাওরের বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪৮টি উপজেলা হাওর অধ্যুষিত জনপদ হিসেবে স্বীকৃত। এসব উপজেলায় প্রায় ৩০ হাজার দাই রয়েছেন। এঁদের প্রায় ৭০ ভাগ দাই কোনো ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত নন। এর ফলে বাচ্চা জন্মকালীন সময়ে শিশু ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে। সিলেটের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) দীর্ঘদিন ধরে দাইদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি আইডিয়া পরিচালিত এক জরিপের প্রতিবেদন অনুযায়ী, হাওরের প্রায় ৯০ ভাগ বাচ্চা দাইদের হাতে জন্ম নিচ্ছে। তবে অধিকাংশ দাইয়েরা মান্ধাতা আমলের প্রক্রিয়ায় বাচ্চা প্রসব করানোয় পরবর্তী সময়ে মায়েরা নানা ধরনের প্রসবকালীন সমস্যায় ভুগে থাকেন। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক বলেন, হাওরাঞ্চলের প্রায় ৯০ ভাগ মানুষ নিরক্ষর ও অসচেতন। মূলত সচেতনতার অভাবেই প্রসবকালে পরিবারের কর্তারা দাইয়ের দ্বারস্থ হচ্ছেন। তবে দাইদেরও কোনো ধরনের প্রশিক্ষণ না থাকায় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুদিন সরকার বলেন, হাওরাঞ্চলের প্রায় সব কটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্স সংকটের পাশাপাশি প্রসূতি চিকিৎসার জন্য অস্ত্রোপচার কক্ষের অভাব রয়েছে। এ অবস্থায় ভুক্তভোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। ফলে অনেকেই হাসপাতালমুখী না হয়ে গ্রামের বাড়িতে বসেই অদক্ষ দাইদের দ্বারা প্রসব করাচ্ছেন। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ঝন্টু সরকার জানান, তাঁর উপজেলায় কোনো প্রশিক্ষিত ধাত্রী নেই। ফলে এসব ধাত্রীদের দিয়ে মায়েদের প্রসব করানোর সময় প্রায়ই শিশু ও মায়েদের শারীরিক সমস্যা সৃষ্টিসহ নানা দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর অনেক সময় মায়েদের খারাপ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে, তখন হাসপাতালের চিকিৎসকদের বিপাকে পড়তে হয়। হাওরের সচেতন বাসিন্দারা জানান, প্রধানত চারটি কারণে দাইদের মাধ্যমে হাওরের অদিকাংশ জনগোষ্ঠী প্রসবকালীন সেবা নিচ্ছে। এ অবস্থায় দাইদের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগে ব্যাপক প্রশিক্ষণের আওতায় এনে কীভাবে আধুনিক পদ্ধতিতে বাচ্চা প্রসব করানো যায়, সে সম্পর্কে জ্ঞান প্রদান করা প্রয়োজন। দিরাই পৌর শহরের মজলিসপুর এলাকার বাসিন্দা দাই রোকেয়া বেগম বলেন, ‘কয়েক দশক ধরে আমি দাইয়ের কাজ করে আসছি। এ ছাড়া বিভিন্ন প্রশিক্ষণও নিয়েছি। ফলে কোনটা নিজেই ডেলিভারি করতে পারব আর কোনটা পারব না, সে সম্পর্কে আমি অবহিত। নিজের আয়ত্তের বাইরে থাকলে তা তাৎক্ষণিকভাবে হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করি। যেহেতু হাওরাঞ্চলের বাসিন্দারা নানা কারণে হাসপাতালে যেতে পারেন না, তাই দাইদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।’ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক এক দাই বলেন, ‘অনেকে দাইদের হাতে বাচ্চা মারা যায় বলে অপপ্রচার দিয়ে থাকেন, এটা মোটেই ঠিক নয়। যেহেতু গ্রামের নারীদের আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি, তাই সরকারের উচিত আমাদের কাজের স্বীকৃতি দেওয়া।’ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছেনি। হাওরের প্রায় ১০ ভাগ নারী চিকিৎসক ও নার্সদের হাতে সন্তান প্রসব করান। উপজেলা বা জেলা সদরে গিয়ে দরিদ্র পরিবারের মানুষেরা ব্যয়বহুল চিকিৎসা নিতে পারেন না বলেই দাইমাদের দিয়ে প্রসব করান। এ অবস্থায় দাইদের অস্বীকার করারও কোনো উপায় নেই। তাই তাঁদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা উচিত।