হাওরাঞ্চলে অনেক শিশুর জন্মনিবন্ধন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিভাবকদের অসচেতনতা ও জন্মনিবন্ধনের সঠিক দিকনির্দেশনার অভাবে হাওর এলাকার অনেক শিশুর জন্মনিবন্ধন হচ্ছে না। সচেতন বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদের (ইউপি) সঠিক প্রচারণার অভাবে এমনটি ঘটছে।হাওরাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক শীর্ষক একটি আইন দেশে প্রচলিত রয়েছে—সেটি তাঁরা জানেন না। এমনকি জন্মনিবন্ধনকারীর সুফলতাই বা কী, সে সম্পর্কেও তাঁরা অসচেতন। ফলে হাওরাঞ্চলে শিশু জন্মের তুলনায় খুব কমসংখ্যকই নিবন্ধন করা হচ্ছে। নিবন্ধনের হার বাড়াতে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও কার্যকর ভূমিকা রাখা উচিত বলে হাওরাঞ্চলবাসী জানিয়েছেন।বিভিন্ন ইউপি সূত্রে জানা গেছে, শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে আইন থাকলেও সেটি অনেকেই মানছেন না। প্রয়োজন ছাড়া কোনো অভিভাবকই তাঁদের শিশুদের ঠিক সময়ে জন্মনিবন্ধন করাচ্ছেন না।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপির সচিব বলেন, শুধু শিশুদের বিদ্যালয়ে ভর্তি করার আগে অভিভাবকেরা জন্মনিবন্ধন করাতে আসেন। তবে লোকজনকে সচেতন করতে নিয়মিত লিফলেট বিতরণ, উঠান বৈঠকসহ নানামুখী কর্মকাণ্ড প্রত্যেকটি ইউপি থেকে করা হয়ে থাকে।সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউপির সচিব সমীর কান্তি দে বলেন, ‘জন্মের সঙ্গে সঙ্গেই নিবন্ধন করার নিয়ম রয়েছে। কিন্তু অসচেতনতার কারণে অনেকেই সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটি করছেন না। তবে জন্মনিবন্ধনের ব্যাপারে আমরা ইউনিয়নবাসীকে সচেতন করার চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই।’প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সব শিশুর প্রথম শ্রেণী বা প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। অসচেতনতার কারণে শিশুর জন্মের পরপর অনেক অভিভাবক নিবন্ধন না করালেও পরে বাধ্য হয়ে সন্তানদের স্কুলে ভর্তি করার সময় নিবন্ধন করছেন।সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত তালুকদার বলেন, ‘দু-একজন সচেতন অভিভাবক জন্মনিবন্ধন সনদ দিলেও বেশির ভাগই দিতে পারেন না। যেহেতু নিবন্ধন সনদ ছাড়া আমরা শিক্ষার্থী ভর্তি করি না, সে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে সনদ জোগাড়ের জন্য অভিভাবকদের পরামর্শ দিই।’জানা গেছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ—এই সাত জেলার হাওর-অধ্যুষিত উপজেলার চলতি বছর জন্মগ্রহণকারী অন্তত ৪০ ভাগ শিশুরই জন্মনিবন্ধন করা হয়নি। কয়েকটি বেসরকারি সংস্থা এ তথ্য জানিয়েছে।জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী, একটি শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক। এ আইনের অধীনে প্রদত্ত জন্ম সনদ ছাড়া বয়স প্রমাণের অন্য কোনো প্রমাণপত্র গ্রহণযোগ্য নয়। এ আইনে বলা হয়েছে, শিশু অধিকার সংরক্ষণে আইনি সহায়তা, স্কুলে ভর্তি, পাসপোর্ট পাওয়া, ভোটার তালিকাভুক্তি, স্বাস্থ্যসেবা, বিবাহনিবন্ধীকরণ ও সম্পত্তি হস্তান্তর করতে জন্মসনদ অবশ্যই প্রয়োজন। এ ছাড়া সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য জন্মনিবন্ধন সনদ একান্ত অপরিহার্য।এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিশু জন্মের পরপর সংশ্লিষ্ট অভিভাবককে জন্মনিবন্ধন করানোর জন্য আমাদের স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া রয়েছে। তবে এটা ঠিক যে হাওরাঞ্চলের অধিকাংশ অভিভাবকই অসচেতনতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে জন্মনিবন্ধন করছেন না।’