হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঋণ মওকুফ ও পুনর্বাসনের দাবি
হাওর অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়ের স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্ত হাওরবাসীর সম্পূর্ণ ঋণ মওকুফ, খাবারসহ আর্থিক সহায়তার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় ও প্রদীপ ঘোষ, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি জাহিদুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনি সুপান্থ, সহসভাপতি অমল আকাশ প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, হাওরাঞ্চলের প্রত্যেক মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে হবে সরকারকে। পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা ও তাদের রোগব্যাধি থেকে বাঁচিয়ে রাখার জন্য বিনা মূল্যে ওষুধ সরবরাহসহ সরকারের পরিকল্পনা গ্রহণ করতে হবে। হাওরাঞ্চলের এই সমস্যা সমাধানে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। হাওরাঞ্চলের খাল-বিল খনন, দুর্নীতিগ্রস্ত মানুষকে বাদ দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে।