হাওরাঞ্চলে ভিজিএফের সঙ্গে নগদ টাকা দেওয়ার সুপারিশ
সুনামগঞ্জের হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ভিজিএফের পাশাপাশি এক হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সচিব বিপর্যস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন। ৩ লাখ ৩০ হাজার পরিবারকে ভিজিএফ কার্ড, ৫০ কোটি টাকা নগদসহ অন্যান্য সুবিধা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ইতিমধ্যে দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির সদস্য সাংসদ তালুকদার আবদুল খালেক, বি এম মোজাম্মেল হক, আবদুর রহমান বদি, মো. শফিকুল ইসলাম শিমুল ও সৈয়দ আবু হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।
ভারত সফরে ৩৫টি দলিল ২ এওপি সই
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফরে দ্বিপক্ষীয় বিষয়ে মোট ৩৫টি দলিল (১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক) এবং দুটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এওপি) সই হয়। এ ছাড়া দুই দেশ ৬২ দফা-সংবলিত একটি যৌথ ইশতেহার প্রকাশ করে।
কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাংসদ ফারুক খান, গোলাম ফারুক, কাজী নাবিল আহমেদ, মো. সোহরাব উদ্দিন, সেলিম উদ্দিন ও বেগম মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন।