হাওরাঞ্চলে শিকারির ফাঁদে বিপন্ন অতিথি পাখি
মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলে তৎপর পাখি শিকারির দল। শিকারিদের পাতা জাল ও বিষটোপের ফাঁদে ধরা পড়ছে পরিযায়ী পাখি। এরই মধ্যে হাইল হাওর থেকে দুই দফায় কয়েক হাজার ফুট জাল উদ্ধার এবং হাকালুকি হাওরে পাখিসহ শিকারি আটক ও বিষটোপে মরা পাখি উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের হাওরাঞ্চলে এবার প্রচুর পরিযায়ী পাখি এসেছে। এ পাখি শিকারে তৎপর হয়ে উঠেছে পেশাদার শিকারির দল। শিকারিরা জাল পেতে ও বিষটোপের ফাঁদে পাখি শিকার করছে। শিকারিদের হাতে ধরা পড়া পাখি শ্রীমঙ্গল, মৌলভীবাজার, রাজনগর, কুলাউড়ার গ্রামীণ হাট, বড়লেখা ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাওরপারের বিভিন্ন এলাকায় বিক্রি হয়ে থাকে। এসব জায়গায় এক হালি (চারটি) লেনজা হাঁস তিন থেকে চার হাজার টাকা এবং অন্যান্য পাখির হালি দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌলভীবাজার শহরের বাসিন্দা জুলফিকার আলী ভুট্টো প্রথম আলোকে জানান, সম্প্রতি তিনি শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের একটি হোটেলের সামনে একজন পাখি বিক্রেতাকে চারটি পরিযায়ী হাঁস নিয়ে ক্রেতার সঙ্গে দরদাম করতে দেখেন। এ সময় ছবি তোলার চেষ্টা করতেই পাখি বিক্রেতা দ্রুত দৌড়ে পালিয়ে যান। শুধু শ্রীমঙ্গল শহরেই নয়, মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে এ রকম পাখি বিক্রি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট কর্মকর্তা বশির আহমদ গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘ভিসিজির (গ্রাম সংরক্ষণ দল) মাধ্যমে খবর পেয়ে আমি বন বিভাগকে খবর দিই। পরে তারা গিয়ে কিছু মৃত পাখি উদ্ধার করে নিয়ে এসেছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, হাকালুকি হাওরের বিভিন্ন স্থানে বিষটোপ ও জালের ফাঁদ দিয়ে পাখি শিকার চলছে। বিষটোপ দিয়ে পাখি শিকারের সময় গত ২২ জানুয়ারি একজন শিকারিকে আটক করা হয়। কিন্তু অধিকাংশ শিকারিই ধরাছোঁয়ার বাইরে থাকছে। পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন কর্মকর্তা আনোয়ার হোসেন পাখি শিকারিদের গোপন তৎপরতার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা বন বিভাগের সহযোগিতায় হাকালুকি হাওরে বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। পাখি শিকার না করতে হাকালুকি হাওরের যেসব এলাকায় পাখি শিকার ও বিক্রি হয়; সেসব এলাকায় আইনানুগ ও পরিবেশগত দিক সম্পর্কে সচেতনতামূলক প্রচার, উঠান বৈঠক ও সভা করা হচ্ছে।’ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের পরিচালক সীতেশ রঞ্জন দেব প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও বন বিভাগের সহযোগিতা নিয়ে দুবার হাইল হাওরে অভিযান চালিয়ে কয়েক হাজার ফুট জাল উদ্ধার করা হয়েছে। জাল পোড়ানো হয়েছে। উদ্ধার করা পাখি অবমুক্ত করা হয়েছে। এতে আমার নৌকা ভাড়াসহ প্রায় ছয় হাজার টাকা খরচ হয়েছে।’ বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জ কর্মকর্তা মো. ইমাম উদ্দিন গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘হাকালুকিতে পাখি শিকারের খবর পেয়ে গতকাল (শুক্রবার) আমি ঘটনাস্থলে গিয়েছি। সেখানে বিলে ভাসমান নয়টি পাখি উদ্ধার করা হয়েছে। লোকজন হাজার খানেক পাখি মারা যাওয়ার কথা বলেছেন। তবে কম করে হলেও দু-তিন শ পাখি মারা গেছে। এ ঘটনায় মামলা হবে।’ রেঞ্জ কর্মকর্তা জানান, যখনই সুযোগ পাচ্ছেন তখনই পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।