হাওরাঞ্চলের উন্নয়নে বেশ কিছু কার্যক্রম অনুমোদন হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর পর কাল রোববার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০১ সালের ২৯ এপ্রিল বোর্ডের প্রথম বোর্ড সভা হয়েছিল। ওই সভায় নেওয়া সিদ্ধান্তের অধিকাংশই বাস্তবায়িত হয়নি।পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, রোববারের সভায় হাওরাঞ্চলের উন্নয়নে বেশ কিছু কার্যক্রম অনুমোদনের কথা রয়েছে। এসবের মধ্যে মহাপরিকল্পনার আলোকে সমন্বিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন গুরুত্ব পাবে। সভায় বোর্ডের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম, বাস্তবায়িত ও চলমান প্রকল্প পর্যালোচনা ও জনবল কাঠামো চূড়ান্ত করা নিয়ে আলোচনা হবে।সূত্র জানায়, সম্প্রতি সাত জেলার হাওরাঞ্চল প্লাবিত হয়ে ফসলহানির কারণে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত দুই মাসে আকস্মিক পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের প্রায় ৩৫ হাজার হেক্টর জমি প্লাবিত হয়। প্রায় দুই কোটি জনসংখ্যা অধ্যুষিত হাওরাঞ্চল দেশের মোট বোরো ফসলের এক-পঞ্চমাংশের জোগান দেয়।সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, হাওর ও জলাভূমির সমন্বিত উন্নয়নের লক্ষ্যে একটি মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ মাস মেয়াদি ওই পরিকল্পনায় ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বাঁধ নির্মাণ ও নদী পুনঃখননের বিষয়টি প্রাধান্য পাবে। এ কাজে ভূমি ব্যবহার ও ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। সামগ্রিক প্রক্রিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।উল্লেখ্য, ২০০০ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপারসন করে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড গঠিত হয়। বোর্ডের প্রথম সভায় কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে একটি করে আঞ্চলিক দপ্তর স্থাপনসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে কেবল কিশোরগঞ্জে দপ্তর স্থাপন হলেও তা সচল থাকেনি। হাওর, বাঁওড়, বিল ও নদ-নদীতে মুক্তা চাষের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর দীর্ঘদিনেও বোর্ডের আর সভা না হওয়ায় এবং এর স্থায়ী জনবল কাঠামো না থাকায় কার্যক্রম একপ্রকার স্থবির হয়ে পড়ে।এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সমীক্ষায় সুপারিশ করা হয়েছে, আকস্মিক বন্যা থেকে হাওর এলাকার বোরো ফসল রক্ষায় বিদ্যমান বাঁধগুলোর উচ্চতা বাড়াতে হবে। পাশাপাশি প্রতিবছর নদী পুনঃখননসহ বিদ্যমান বাঁধ ও অবকাঠামো নির্মাণ এবং সংস্কারের জন্য সমন্বিতভাবে ২০১০-১১ থেকে ২০১৪-১৫ বাস্তবায়নের জন্য ৮৫২ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করতে হবে।সমীক্ষায় বলা হয়েছে, হাওর এলাকার বাঁধ মেরামতের কাজে জমির মালিক, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করা গেলে মেরামত ও পুনর্বাসনকাজ আরও সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে।বাঁধের উচ্চতা বাড়ানো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক গোলাম কিবরিয়া খান বলেন, এবারের আকস্মিক ঢলের অভিজ্ঞতায় মনে হয়েছে, বাঁধগুলো ন্যূনতম আট মিটার বা ২৪ থেকে ২৬ ফুট উঁচু হতে হবে। তাহলে ঢল থেকে ফসল রক্ষা করা যাবে। বিদ্যমান বাঁধগুলো সর্বোচ্চ ১৮ ফুট উঁচু। তবে শুধু বাঁধের উচ্চতা বাড়ানো সমস্যার সাময়িক সমাধান। কারণ, প্রতিবছর উজান থেকে পলির পাশাপাশি নানা রকম উপাদান এসে নদী ভরাট করছে। তাই নিয়মিত নদী পুনঃখনন না হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না।অন্য এক প্রশ্নের জবাবে গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে হাওর বোর্ডের স্থায়ী জনবল কাঠামো নেই। প্রথম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ করা জনবল কাঠামো গত ২০ অক্টোবর বোর্ডের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে সুপারিশ করা হয়। এতে একজন মহাপরিচালকের নেতৃত্বে ৫৭ জনের কাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে। সুপারিশটি অনুমোদনের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে।