হাওরে অপ্রতুল চিকিৎসাসেবা, সন্তানসহ প্রসূতির মৃত্যু
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় অপচিকিৎসার শিকার হয়ে মৃত সন্তান প্রসবের ১৪ ঘণ্টা পর নীলমতী ঋষিদাস (৩০) নামের এক প্রসূতিও মারা গেছেন। প্রসূতি ইটনা উপজেলা সদরের ঋষিপাড়ার স্বপন ঋষিদাসের স্ত্রী।স্বপন ঋষিদাস ও তাঁর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে নীলমতীর প্রসবব্যথা শুরু হয়। এ সময় পরিবারের লোকজন স্থানীয় ধাত্রী পড়শী ঋষিদাসকে খবর দেন। ধাত্রী পড়শী এসে সঠিকভাবে ব্যথা ওঠানোর নাম করে গ্রাম্য চিকিৎসক ও ফার্মেসির মালিক সুশীল সাহাকে খবর দেন। সুশীল এসে প্রসূতিকে পরপর ছয়টি পিটন-এস ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পর রাত নয়টার দিকে নীলমতী একটি মৃত সন্তান প্রসব করেন। এর পর থেকেই তাঁর রক্তক্ষরণ হতে থাকে। সারা রাত এভাবে চলার পরের দিন শুক্রবার সকালে প্রসূতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শুক্রবার সকালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান জানান, অতিরিক্ত রক্তপাতে ওই প্রসূতি মারা গেছেন। সময়মতো হাসপাতালে আনা হলে এ মৃত্যু এড়ানো যেত বলে তিনি মত প্রকাশ করেন। তা ছাড়া প্রসবব্যথার সময় পিটন-এস ইনজেকশন দেওয়াও ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। ওয়াহিদুজ্জামান বলেন, এতে প্রসূতির জরায়ু সংকুচিত হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ঘটনার পর থেকে গ্রাম্য চিকিৎসক সুশীল তাঁর ফার্মেসি বন্ধ করে গা ঢাকা দিয়েছেন বলে এলাকাবাসী জানায়।ধাত্রী পড়শী জানান, তিনি ২০-২৫ বছর ধরে এ কাজ করছেন। সুশীল সাহা নীলমতীকে ছয়টি ইনজেকশন দিয়েছিলেন বলেও তিনি স্বীকার করেন। প্রসূতির ব্যথা একবার বাড়ছিল, আবার কমছিল। সঠিকভাবে ব্যথা তোলার জন্যই তিনি সুশীলকে খবর দেন বলে দাবি করেন। প্রসূতি বিশেষজ্ঞ শশাংক কুমার সূত্রধর জানান, অপচিকিৎসার কারণেই প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, হাওর অঞ্চলে অপ্রতুল স্বাস্থ্যব্যবস্থা, কুসংস্কার ও সচেতনতাই এ জন্য দায়ী। স্বপন ঋষিদাস গতকাল শনিবার জানান, তিনি পরিবার ও এলাকাবাসীর সঙ্গে পরামর্শ করে মামলার সিদ্ধান্ত নেবেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে মামলা নথিভুক্ত করা হবে।