হাওরে অবৈধ ইটভাটা ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাগাইয়া গ্রামে প্রভাবশালী ব্যক্তিরা কৃষকের জমি দখল করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করেছেন। এ কারণে হাওর উপজেলার অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ধ্বংস, কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। পরে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার ভাটার মালিক তাবারক ভূঁইয়াকে ১০ লাখ টাকা জরিমানা করেন।পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০০৬ সালে পরিবেশ অধিদপ্তরের এক জাল ছাড়পত্র নিয়ে মেসার্স আয়েশা ব্রিকস নামের ওই ইটভাটা নির্মাণ করা হয়। পরে ইটভাটায় সশস্ত্র আনসার বাহিনী মোতায়েন করা হয়। ইটভাটার আয়তন ১২ একর। আর সরকার অনুমোদিত ইটভাটা হবে দুই একর। ১০ একর ভূমি ইটভাটার মালিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে অন্যের কাছ থেকে দখল করেন। হাওরবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সরেজমিনে এলাকায় গিয়ে তদন্ত করেন। তদন্তে দেখা যায়, ভূমিদস্যুতা ও পরিবেশ ধ্বংস করে পরিচালিত এই ইটভাটা মেঘনা নদীর তীরে বাগাইয়া গ্রামে অবস্থিত। তদন্ত চলাকালে গ্রামবাসী এসে অভিযোগ করেন, তাঁদের জমি দখল করে ইটভাটা নির্মাণ করা হয়েছে। জমির মালিকদের প্রবেশ ঠেকাতে ভাটার মালিক আনসার বাহিনী মোতায়েন করেছেন।আশপাশের কৃষকেরাও জানান, নির্মিত ইটভাটায় টায়ার ও কাঠ পোড়ানোর ফলে সৃষ্ট কালো ধোঁয়ায় তাঁদের জমির ফসল উৎপাদন কমে গেছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশ না মানলে ইটভাটা উচ্ছেদ এবং মালিককে গ্রেপ্তার ও মামলা দায়ের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া ইটভাটা থেকে দুই কিলোমিটার দূরে ফলদ গাছের উৎপাদনও মারাত্মক হ্রাস পেয়েছে। ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জমি ফেরত দেওয়ার নির্দেশ কার্যকর করা হবে।অষ্টগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমেদ বলেন, ‘ছয় বছর ধরে ইটভাটাটি অবৈধভাবে চালু রাখা হয়েছে—এটা আমাদের জানা ছিল না। পরিবেশ অধিদপ্তর সরেজমিনে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় অষ্টগ্রামবাসী পরিবেশদূষণ থেকে রক্ষা পেয়েছে।’তাবারক ভূঁইয়া বলেন, ‘ভাটার মালিক আমার বাবা হাজি আসাদুজ্জামান।’ তাঁর বাবার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘বাবা বৃদ্ধ, উনি কোনো কথা বলতে পারবেন না।’ আনসার-ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মো. আমিন উদ্দিন জানান, নির্দেশ পাওয়ামাত্র আনসার প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।