হাওরে আজ কান্না
‘নতুন ফসল গোলায় তোলার পরে বছরের পয়লা দিন নতুন চাউলের রোট (এক ধরনের বিশেষ পিঠা) বানাইয়া গ্রামের সবাই মিলে খাই। আনন্দ করি। ইবার ফসল নাই, এর লাগি মানুষের মনে কোনো আনন্দ নাই। আস্তাগাঁও জুড়িয়াই হাহাকার। সারা বছরই খাইয়া না খাইয়া কাটাইত অইবো।’সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের পাড়ে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন নীলপুর গ্রামের সত্তরোর্ধ্ব কৃষক আম্বর আলী। পাশে জলভরা চোখে বিলাপ করে ওঠেন আরেক কৃষক আরব আলী (৬৫)। তিনি বলেন, ‘আমার সব শেষ অই গিছে, বাবা। সব ধান অখন পানির তলে। ঘরে পাঁচ পুরি (মেয়ে)। মনও খরছিলাম ইবার এক পুরিরে বিয়া দিমু। আরেক পুরি মেট্রিক দিছে। ঘরও এক ছটাক চাউল নাই। সব শেষ... সব শেষ অই গিছে আমার। অখন বাঁচতাম কি-লা...।’কৃষক আরব আলীর হাওরে আসার আর কোনো দরকার ছিল না। কারণ, হাওরে এখন অথই পানি। দূর থেকে কিনারে এসে আছড়ে পড়ছে ঢেউ। ফসলের কোনো চিহ্ন নেই। কেন হাওরে এসেছেন প্রশ্ন করলে জানান, আড়াই একর জমিতে ধান লাগিয়েছিলেন। এ জন্য ঋণ করেছেন ১২ হাজার টাকা। যেদিন বাঁধ ভাঙে, সেদিন গ্রামের আরও অনেক মানুষের সঙ্গে কেঁদে কেঁদে হাওর থেকে বাড়ি ফিরেছেন তিনিও। এখনো সেই কান্না থামেনি। আগামী দিনের কথা ভেবে পরিবারের সবাই কাঁদছে।কৃষক আম্বর আলী জানালেন, তাঁর ৭০ বছরের জীবনে এভাবে হাওরে অসময়ে ফসলডুবি দেখেননি। ধানে থোড় বের হওয়ার আগেই ফসল তলিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। তিনি জানান, পাহাড়ি ঢল ও অকাল বন্যায় হাওরে ফসলডুবি এর আগেও হয়েছে। তবে তা হয়েছে ধান পাকার সময়। হাওরে পানি ঢোকা শুরু হলেও তাঁরা অন্তত চেষ্টা করে ছয় মাস খরচ চালানোর মতো ধান ঘরে তুলতে পেরেছেন। নতুবা পরে পানির নিচ থেকে ডুব দিয়ে বিশেষভাবে সেই ফসল তোলা যেত। কিন্তু এবার ধানের আগায় থোড়ই বের হয়নি। সব কাঁচা ধান গেছে পানির নিচে। কৃষকেরা জানান, এবার হাওরে মানুষের কষ্টের পাশাপাশি বড় সমস্যা হবে গবাদিপশু নিয়ে। কারণ, ধান তলিয়ে যাওয়ায় খড় নেই।