হাওরে আধাপাকা ধান তলিয়ে গেছে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে ও হাওর রক্ষা বাঁধ ভেঙে গতকাল বুধবার পাঁচটি জেলার আরও বিস্তীর্ণ এলাকার জমির বোরো ফসল তলিয়ে গেছে। জেলাগুলো হলো সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সিলেট ও নেত্রকোনা। আধাপাকা ধান হারিয়ে এসব এলাকার কৃষকেরা এখন আহাজারি করছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: মৌলভীবাজার ও জুড়ী: রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কাওয়াদিঘি ও করাইয়া হাওরের তিন হাজার একর এবং টেংরা ইউনিয়নের রামভদ্রপুর এলাকার ১০০ একর জমির ধান তলিয়ে গেছে। মনু নদী প্রকল্পের কাওয়াদিঘি হাওরের দেড় হাজার একরের বেশি জমির ধান তলিয়ে গেছে। কৃষকেরা নৌকা ও ভেলার সাহায্যে পানির নিচ থেকে ধান কেটে তোলার চেষ্টা করছেন। জুড়ী ও কণ্ঠিনালা নদীর পানি উপচে গতকাল সাগরনালের বরইতলী, দক্ষিণ সাগরনাল, ফুলতলার কোনাগাঁও, বিরইনতলা, পশ্চিম বটুলি, সদর জায়ফরনগরের শাহপুর, কোরবানপুর, গোবিন্দপুর, সোনাপুর, জাঙ্গিরাই, ভূঁয়াই, কানকইর চক, হেকিমপুর, দীঘলবাক, মনোহরপুর ও জায়ফরনগর এবং পশ্চিম জুড়ীর তালতলা, খাকটেকা, পশ্চিম বাছিরপুর ও কৃষ্ণনগর গ্রামের প্রায় ৫০০ হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। ডুবে গেছে জুড়ী-ফুলতলা সড়কের হাফিজিয়া বড় ডহর, বীরগোয়ালী ও কাপনাপাহাড় চা-বাগানসংলগ্ন এলাকা। জায়ফরনগরের প্রায় ৬০ ভাগ জমির ফসল এখন পানির নিচে।তাহিরপুর, জগন্নাথপুর, ধরমপাশা ও দিরাই (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে বলদা হাওরটি গতকাল ডুবে গেছে। এ নিয়ে উপজেলার ২৩টি হাওরের মধ্যে ২২টি ডুবে গেল। বলদা হওরের ১০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। জগন্নাথপুরের বিভিন্ন হাওরের আরও তিন হাজার একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। কৃষকেরা বাধ্য হয়ে আধাপাকা ধান কাটতে শুরু করেছেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রৌয়াইল, জগাইডুরি, চাওল ও কেওলারসহ উপজেলার সব কটি হাওর। ধরমপাশার জয়শ্রী ইউনিয়নের সোনামড়ল ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গলাভাঙা, কেঞ্চির দাইড় ও ফিরাগাঙ বেড়িবাঁধ ভেঙে গতকাল আরও তিন হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। বিকেল পর্যন্ত উপজেলার ৭৬টির মধ্যে ৪৫টি হাওরে পানি ঢুকে ১১ হাজার ২২৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। দিরাই-শাল্লার চাপতি, বরাম, টাংনি, হুরুয়া মন্দুরী, বান্ডা, কালিয়াগুটা, উদগল ও ছায়ার হাওরের ৩০ হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষকেরা জানান, কালনী নদীর তীর উপচে কেজাউড়ার দিকে বরাম হাওরে পানি ঢুকে বোরো ধানের খেত তলিয়ে যায়। এর মধ্যে ৬০ শতাংশ ফসল তলিয়ে গেছে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল হক বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির হিসাব করছি।’ কিশোরগঞ্জ: মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীর পানি বেড়ে দুদাইলার খাল উপচে হাওরের প্রায় ২০০ একর জমির ফসল তলিয়ে গেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। মাগুরিয়া ও কাটাখাল শাখা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বড়িবাড়ী, বাদলা ও বর্শিকুড়ার হাওরের অন্তত ১০০ একর জমির ফসল তলিয়ে গেছে। বালাগঞ্জ (সিলেট): বালাগঞ্জে ১৭ হাজার ৬০০ হেক্টর জমির মধ্যে ১২ হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে গেছে। কুশিয়ারা ও এর বিভিন্ন শাখা-উপশাখা দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে উপজেলার ১৪টি ইউনিয়নের অর্ধশতাধিক হাওর ও বিলের ফসল। মাইজাইল, মুক্তারপুর, বানাইয়া, করচা, চাতল ফাটা চাতল, বেরাঘাঘটিয়া ও গোরাপুর হাওরের ৭৫ ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনগঞ্জ (নেত্রকোনা): মোহনগঞ্জ উপজেলার কংশ ও ধনু নদের পানির তোড়ে গত মঙ্গলবার রাতে চরহাইজদা বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে ডিঙ্গাপোঁতা হাওরের প্রায় আট হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ফসল হারিয়ে হাওরপারের চারটি ইউনিয়নের ৯০টি গ্রামের শত শত কৃষক সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ডিঙ্গাপোঁতা হাওরে এ বছর নয় হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল।