হাওরে আসলে কত মাছ মরেছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ব্যবধানে হাওরে মাছ মারা যাওয়ার হিসাব বদলে গেছে। শুরুতে সরকারি হিসাবে মারা যাওয়া মাছের পরিমাণ ছিল ১ হাজার ২৭৬ টন। এখন বলা হচ্ছে ২১৩ টন।

 ২৩ এপ্রিল সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলেছিল, হাওরের পানিতে অক্সিজেন কমে গিয়ে ও অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাওয়ায় ১ হাজার ২৭৬ টন মাছ মারা গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষির সংখ্যাও হিসাব করা হয়েছিল। চার দিনের মাথায় একই মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, মারা যাওয়া মাছের পরিমাণ ২১৩ দশমিক ৯৫ টন। অর্থাৎ মাছের ক্ষতির পরিমাণ ১ হাজার ৬২ টন কমে গেছে। হাওরে ক্ষয়ক্ষতির ওপরে গত শুক্রবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে তৈরি করা একটি প্রতিবেদনে সর্বশেষ মাছের ক্ষতির হিসাবটি যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রথম আলোকে বলেন, ‘আমরা মাঠপর্যায়ের জরিপ করে এই তথ্য পেয়েছি। এই হিসাব কীভাবে বদলে গেল, তা আমি বলতে পারব না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আটজন অধ্যাপক ও মৎস্য বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেছেন, ক্ষয়ক্ষতির হিসাব একেক সময় একেক রকম হওয়া প্রমাণ করে, হিসাবে পদ্ধতিগত সমস্যা আছে। সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই হিসাব করা দরকার।

কোন পদ্ধতিতে মাছের ক্ষতির হিসাব করা হয়েছে তা জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা হাওরের ক্ষতিগ্রস্ত উপজেলায় দৈবচয়নের ভিত্তিতে কী পরিমাণ মাছ মারা গেছে, সেই হিসাব নিয়েছি। পরে যাচাই-বাছাই শেষে তা আমরা হিসাব চূড়ান্ত করেছি।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং হাওরে মাছের ক্ষতি যাচাইবিষয়ক তদন্ত দলের প্রধান মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত একেকটি হাওরের যে স্থানগুলোতে মাছ মারা গেছে, সেখানে আগে কী পরিমাণে মাছ পাওয়া যেত। বন্যার আগে কী পরিমাণে মাছ ছিল সেই হিসাব নিয়ে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব করা হয়েছে। নেত্রকোনা থেকে মাছের ক্ষতির হিসাব ১ হাজার ৬২ টন বাড়িয়ে বলা হয়েছিল। তারা মৃত মাছগুলো বড় হলে কত টন ওজন হতো, সেই হিসাব করে মোট ক্ষতির পরিমাণ ঠিক করেছিল। আমরা সম্প্রতি কী পরিমাণে মাছ সেখানে ছিল এবং তার ক্ষতি ধরে হিসাব করেছি।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আরও বলা হচ্ছে, হাওরে আগাম বন্যার কারণে এবার মাছের উৎপাদন আগের চেয়ে বাড়বে। দুই মাস আগে হাওরে পানি আসায় মাছগুলো বেশি দিন পানি পাবে। ধান নষ্ট এবং অন্যান্য প্রাণীর মৃত্যুর ফলে পানিতে প্রাণী ও উদ্ভিদকণার পরিমাণ বাড়বে, যা মাছের উৎকৃষ্ট খাবার। বেশি খাবার পাওয়ায় মাছের ওজন আগের চেয়ে বাড়বে বলে তাঁরা মনে করছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে পানিতে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে। অ্যামোনিয়া গ্যাসের পরিমাণও কমে গেছে। ফলে পানির বর্তমান অবস্থা মাছের বিচরণ ও খাদ্য সংগ্রহের জন্য উৎকৃষ্ট অবস্থায় আছে।

তবে মৎস্য ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা মনে করছেন, এত বড় একটি দুর্যোগের পর হাওরের মাছের উৎপাদন আরও বাড়বে—এটা ঠিক নয়।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক রফিকুন নবী প্রথম আলোকে বলেন, হাওরের মাছগুলো দীর্ঘদিন পচা পানির মধ্যে ছিল। এটা মাছের প্রজননকে বাধাগ্রস্ত করবে। অনেক মাছ রোগাক্রান্ত হয়ে যেতে পারে। ফলে হাওরের মাছের প্রকৃত অবস্থা জানতে আরও ভালোমতো পর্যবেক্ষণ করা জরুরি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন সুভাষ এস চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাংলাদেশে মাছের যে ক্ষতির হিসাব করা হয়, তার পদ্ধতি ছোট্ট জলাশয়ের জন্য প্রযোজ্য হতে পারে। হাওরের মতো এত বিস্তৃত জলাশয়ের ক্ষয়ক্ষতির হিসাব করতে হলে প্রতিটি হাওরের ওপর সমীক্ষা করতে হবে। এখনো হাওরে দুর্যোগ চলছে। এত দ্রুত এ ধরনের হিসাব করা কঠিন। এ ধরনের বিপর্যয়ের ক্ষয়ক্ষতির হিসাব আরও সতর্কতার সঙ্গে করতে হবে।