হাওরে এবার আনন্দের ঈদ
>গত বছর সুনামগঞ্জের ১৫৪টি হাওরের সব বোরো ফসল তলিয়ে যায়। এবার ফসলের ক্ষতি হয়নি। ধান উৎপাদন হয়েছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন।
সুনামগঞ্জ সদর উপজেলা দেখার হাওরপাড়ের ইসলামপুর গ্রামের কৃষক আবু তালেব (৫২)। সাত সদস্যের পরিবার। হাওরে জমি আছে তিন একর। এই জমির ধানের ওপর পুরো পরিবার নির্ভরশীল। গত বছর হাওরে ফসলডুবিতে কোনো ধান গোলায় তুলতে পারেননি তালেব। গত একটি বছর কেটেছে খুবই কষ্টে, ঈদে আনন্দ ছিল না ঘরে। তালেব এবার হাওরের ফসল তুলতে পেরেছেন। সাধ্যমতো কেনাকাটা করেছেন। তাই ঘরের সবাই খুশি।
এবার বোরো ধান ভালো হওয়ায় আবু তালেবের মতো সুনামগঞ্জের হাওরের লাখো কৃষক পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করছে। ধান বিক্রির টাকা দিয়ে মানুষ ঈদের কেনাকাটা করেছেন। ঘরের শিশুদের পোশাক কিনে দিয়েছেন।
আবু তালেব জানান, তিন একর জমিতে প্রতিবছরই বোরো ধানের আবাদ করেন তিনি। এরপর ধান বিক্রি করে পুরো বছর চলেন। বর্ষায় হাওরে মাছ ধরার কাজও করেন মাঝেমধ্যে। গত বছর বোরো আবাদের সময় নয় হাজার টাকা ঋণ করেছিলেন। কিন্তু কোনো ফসল গোলায় তুলতে পারেননি। তাই একটি বছর খুবই কষ্টে গেছে তাঁদের। নতুন করে ধারদেনা করতে হয়েছে। এবার ১৫০ মণ ধান পেয়েছেন। পরিবারে সাতজন মানুষ। এর মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে।
আবু তালেব বলেন, ‘গত বছর ঈদের দিন ঘরে কোনো চাল ছিল না। এক বেলা খাইছি। ঈদের আনন্দ থাকব কি-লা। ইবার আল্লাহর রহমতে ধান ভালা অইছে, সবার লাগি কাপড় ও ঈদের বাজার করছি। ইবার সবার মাঝেই ঈদের আনন্দ আছে।’
একই গ্রামের কৃষক নুর উদ্দিন বলেন, এবার হাওরের সব কৃষকই কমবেশি ধান পেয়েছেন। কিন্তু ধানের দাম কম। তার ওপর মানুষ ধান না রেখে বিক্রি করে দিচ্ছেন শুধু ঈদটা আনন্দে করার জন্য।
হাওর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জে গত বছর হাওরে ব্যাপক ফসলহানিতে মানুষের হাত ছিল খালি। ঈদের আনন্দ ছিল না মানুষের মধ্যে। তার বদলে ঘরে ঘরে ছিল হাহাকার। এবার হাওরে বোরো ধানের ফলন ভালো হয়েছে। কমবেশি টাকাপয়সা আছে মানুষের হাতে, তাই সুনামগঞ্জে ঈদের বাজারও জমজমাট। উপজেলা ও গ্রাম-গঞ্জের হাট-বাজারগুলোও ছিল সরগরম। তবে ফলন ভালো হওয়ার পরও কৃষকদের মন কিছুটা খারাপ ধানের দাম নিয়ে। তারপরও মানুষ কম দামেই ধান বিক্রি করছেন, ঈদের কেনাকাটা করছেন।
তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার জানান, তিনি নিজেও কৃষক পরিবারের সন্তান। এবার হাওর এলাকার সবাই ধান পেয়েছেন। এ কারণে গত বছরের ফসলহানির কষ্ট ভুলে মানুষের মধ্যে এখন একটা স্বস্তি বিরাজ করছে। যদিও মানুষজন নানাভাবে ঋণগ্রস্ত, তার ওপর ধানের দাম কম। তারপরও হাওর এলাকায় মানুষ এবার আনন্দ নিয়ে ঈদ উদ্যাপন করবে। প্রতিটি পরিবারেই সাধ্যমতো ঈদ উদ্যাপনের প্রস্তুতি আছে।
সুনামগঞ্জ জেলা শহরের দোজা শপিং সেন্টারের শাওন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মোহাম্মদ শাওন আলম বলেন, গত বছরের তুলনায় এবার বাজার পরিস্থিতি অনেক ভালো ছিল। বিক্রি বেশ ভালো হয়েছে। উপজেলা থেকেও লোকজন জেলা শহরে এসে কেনাকাটা করেছেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকার শুরু থেকেই হাওরের ফসলহারা মানুষের পাশে ছিল, এখনো আছে। এবার হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধিসহ সব শ্রেণি ও পেশার মানুষ আন্তরিকভাবে কাজ করছেন। তাই মানুষ তাঁদের ফসল ভালোভাবে গোলায় তুলতে পেরেছেন।
সুনামগঞ্জে গত বছরের এপ্রিল মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বাঁধ ভেঙে ১৫৪টি হাওরের সব ফসল তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় জেলার সোয়া তিন লাখ কৃষক পরিবার।