হাওরে এবার গো-খাদ্যের সংকট, বিপাকে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের প্রায় সব কটি হাওরে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে বোরো ফসল। দেখা দিয়েছে গো–খাদে্যর সংকট। তাহিরপুর উপজেলা পরিষদের বারান্দা থেকে ছবিটি গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো
সুনামগঞ্জের প্রায় সব কটি হাওরে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে বোরো ফসল। দেখা দিয়েছে গো–খাদে্যর সংকট। তাহিরপুর উপজেলা পরিষদের বারান্দা থেকে ছবিটি গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো

সুনামগঞ্জের হাওরের বোরো ধানের ওপর কৃষকেরা যেমন নির্ভরশীল, তেমনি ঘরের গরুর পুরো এক বছরের খাবারের ব্যবস্থা হয় এই ধানের খড় থেকে। কিন্তু এবার ফসল গেছে, সেই সঙ্গে গেছে গো-খাদ্যও। হাওরপারের মানুষ এখন বিপাকে পড়েছেন গবাদিপশু নিয়ে। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। মানুষজন ‘পানির’ ধরে বিক্রির করছে গরু-ছাগল।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে স্থানীয় রাধানগর গ্রামের কৃষক আবদুল আজিদের ১৯ একর জমি ছিল। জমির সব ধান তলিয়ে গেছে ঢলের পানিতে। ধান তুলতে না পারায় কোনো খড় পাননি। তাঁর পাঁচটি গরু আছে। এখন চারদিকে পানি থাকায় এই গরু নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

আবদুল আজিদ জানান, পাঁচটির মধ্যে চারটি তিনি পাঠিয়ে দিয়েছেন এক আত্মীয়ের বাড়িতে। বাড়িতে আছে একটি ষাঁড়। এটি বিক্রির চিন্তাভাবনা করছেন। তবে দুই দিন বাজারে নেওয়ার পরও দাম কম ওঠায় বিক্রি করেননি। আবদুল আজিদ বলেন, ‘সব ধান গেছে, এখন আমরাই কিলা বাঁচতাম এই চিন্তায় আছি। তার মধ্যে ঘরের গরুর জন্য কোনো ঘাস (খড়) নাই। অন্য কোথাও থেকে যে খড় কিনমু সেই টাকাপয়সাও নাই।’

এই গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, তাঁর আটটি গরু আছে। হাওরে থইথই পানি থাকায় এগুলো ১৫ দিন থেকে বাড়িতে বাঁধা আছে। এসব গরুগুলোকে কী খাওয়াবেন, ভেবে পাচ্ছেন না। কৃষক জালাল উদ্দিন জানান, শুধু গো-খাদ্যের সংকটের কারণে তিনি তিনটি গরু ৬৬ হাজার টাকায় বিক্রি করেছেন। অথচ হাওরে ফসলহানি না ঘটলে এবং গো-খাদ্যের সংকট না থাকলে এই তিনটি গরু লাখ টাকার ওপরে বিক্রি করতে পারতেন।

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ বলেছেন, হাওর এলাকায় ফসলহানিতে কৃষকেরা এমনিতেই নিঃস্ব। পানির নিচে থাকা ধানগাছ পচে মারা যাচ্ছে মাছ। এখন দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। চারদিক থেকে হাওরের ফসলহারা মানুষেরা সমস্যায় পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ।

তাহিরপুর উপজেলা সদরের সূর্যেরগাঁও গ্রামে সুকেশ দাশ তাঁর তিনটি গরু দুই দিন ধরে এনে বেঁধে রেখেছেন উপজেলা পরিষদের একটি টিনশেড ঘরের বারান্দায়। আশপাশের শুকনো জায়গায় দিনে এগুলো ছেড়ে দেন ঘাস খাওয়ার জন্য। সুকেশ দাশ বলেন, ‘বাড়িতে রাইখ তো লাভ নাই। চারদিকে পানি। ঘরে খড় নাই। আমরাই খাইতে পাররাম না। গরু খাইব কিতা। এলাকার হখলেই গুরু নিয়া সমস্যায় আছইন।’

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, ফসল যাওয়ার পর এখন মানুষ বেকায়দায় পড়েছে গোয়ালের গরু নিয়ে। একে তো ঘরে মানুষের খাবার নেই তার ওপর দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট এই দুই কারণে গরু বিক্রি হচ্ছে। দিন যত যাবে গো-খাদ্যের সংকট আরও প্রকট হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় ১৫ লাখ ৫ হাজার গবাদিপশু আছে। হাওরে ফসলহানির পর গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় ৩ লাখ ৮ হাজার ৭৭৬ মেট্রিক টন খড় কেনার চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন তাঁরা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘ধানের খড় খাইয়ে বর্ষায় হাওর এলাকা কৃষকেরা তাঁদের গরু পালন করেন। কিন্তু এবার ফসলহানির কারণে কৃষকের ঘরে কোনো খড় নেই। এ কারণে গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। ভরা বর্ষায় এই সংকট আরও বাড়বে। তবে আমরা বরাদ্দ পেলে এ বিষয়ে কৃষকদের কিছুটা হলেও সহযোগিতা করতে পারব।’