হাওরে কৃষক খুন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মাতু মিয়া (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। আহত হয়েছে মাতু মিয়ার দুই ছেলে শামিম মিয়া (১৬) ও সোহাগ মিয়া (১২)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কানাইকান্দি হাওরে এ ঘটনা ঘটে।পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, কানাইকান্দি হাওরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাহেবাদী গ্রামের মাতু মিয়া ও তাঁর চাচাতো ভাই আলী হোসেনের কিছু জমি রয়েছে। কৃষি কাজের প্রয়োজনে তাঁরা ওই হাওরে বসবাস করছিলেন। গত সোমবার মাতু মিয়ার একটি গরু আলী হোসেনের জমির কিছু ধানের চারা খেয়ে ফেলে। এ সময় আলী হোসেনের এক শ্রমিক গরুটি ধরে এনে বেঁধে রাখেন। খবর পেয়ে মাতু মিয়ার ছেলে শামিম গরুটি ছাড়িয়ে আনতে আলী হোসেনের বাড়িতে গিয়ে ওই শ্রমিককে কয়েকটি চড়-থাপড় দেন। এ ঘটনায় আলী হোসেনের পরিবারের লোকজন ক্ষুব্ধ হন।এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী হোসেনের লোকজন মাতু মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীদের বল্লমের আঘাতে মাতু মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হয় তাঁর দুই ছেলে শামিম ও সোহাগ। তাদের প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।